
শেষ আপডেট: 18 July 2022 13:18
দ্য ওয়াল ব্যুরো: শনিবার উপরাষ্ট্রপতি (Vice President) পদে এনডিএ-এর প্রার্থী হিসেবে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের (jagdeep Dhankar) নাম ঘোষণা করেছিল বিজেপি (BJP)। তার চব্বিশ ঘণ্টার মধ্যে বিরোধী শিবির পাল্টা হিসেবে প্রাক্তন কংগ্রেস নেত্রী মার্গারেট আলভার (Margaret Alva) নাম ঘোষণা করে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দৌত্য দেখা গিয়েছিল, এ ক্ষেত্রে তা দেখা যায়নি বলে অনেকের বক্তব্য। এমনকি শরদ পাওয়ারের ডাকা বিরোধীদের বৈঠকে তৃণমূলের (TMC) কেউ ছিলেনও না। সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি ভোটে তৃণমূলের কী অবস্থান হবে সে ব্যাপারে এদিন দলের বক্তব্য জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পর সোমবার বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “একুশে জুলাই বিকেল চারটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বৈঠক ডেকেছেন। উপরাষ্ট্রপতি ভোটে যাঁরা ভোট দেবেন সেই লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সেখানে থাকতে বলা হয়েছে। তাঁরাই স্টেক হোল্ডার। আশা করি ওইদিন সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হবে।”
‘এক ডাকে অভিষেক’ এখন সর্বজনীন, এক মাসে দেড় লক্ষ ফোনকল, ৫০ হাজার অভিযোগ
উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী ঘোষণার পর চব্বিশ ঘণ্টা কাততে চললেও তৃণমূল অবস্থান স্পষ্ট না করায় রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে, তাহলে কি জগদীপ ধনকড়কে সমর্থন করবে তৃণমূল? অনেকে এও বলছেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী ঘোষণার পরেও মমতা বলেছিলেন বিজেপি আগে বললে ভাবা যেত। এক্ষেত্রে দার্জিলিংয়ে জগদীপ ধনকড়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও মমতার বৈঠকের কথা উল্লেখ করে কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, সেখানেই আগাম জানানো হয়নি তো?
পর্যবেক্ষকদের মতে, উপরাষ্ট্রপতি ভোটে তৃণমূল কী অবস্থান নেয় তার উপর সর্বভারতীয় স্তরে বিরোধী ঐক্যের অনেক কিছু নির্ভর করছে। এখন দেখার একুশে জুলাই সন্ধ্যায় বৈঠকের পর কী সিদ্ধান্ত নেয় কালীঘাট।