
শেষ আপডেট: 3 June 2023 11:55
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের ইতিহাসে বিরলতম দুর্ঘটনা। দু’টি ট্রেন ও একটি মালগাড়ির সংঘর্ষে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওড়িশার বালেশ্বর। শনিবার দুপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়েছিলেন হাসপাতালেও। এদিকে দুর্ঘটনার কারণে শনিবার তাঁর নবজোয়ার কর্মসূচি স্থগিত রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যত সময় যাচ্ছে তত বাড়ছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই বাসন্তী থেকে কাটোয়া রাজ্যের নানান প্রান্তের পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর জানা গিয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এইরকম একটা পরিস্থিতিতে নবজোয়ার আজকের মতো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক।
তৃণমূলের বক্তব্য, এটাই রাজনৈতিক শিষ্টাচার। আজকে রাজনীতি করার দিন নয়। এদিন ছিল নবজোয়ারের ৩৮ তম দিন। পূর্ব মেদিনীপুরের পর এদিন অভিষেকের নবজোয়ার কর্মসূচি শুরু করার কথা ছিল গ্রামীণ হাওড়ায়। তালিকায় ছিল, বাগনান, শ্যামপুরের মতো এলাকা।
এর আগে সিবিআই জেরার জন্য বাঁকুড়া থেকে কর্মসূচি থামিয়ে অভিষেককে কলকাতায় ফিরতে হয়েছিল। সেই সময়ে শনি ও রবিবার দু’দিন নবজোয়ার বন্ধ ছিল। এদিন করমণ্ডল দুর্ঘটনার কারণে কর্মসূচি স্থগিত করলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
কারও হাত-পা ভাঙা, কারও মাথার খুলি নেই, দুর্ঘটনার স্মৃতি ভুলতে চাইছেন সালারের শ্রমিকরা