
শেষ আপডেট: 25 July 2023 17:30
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রক্ষাকবচ সংক্রান্ত মামলা ফিরল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই (Justice Tirthankar Ghosh)। সোমবার বিচারপতি ঘোষ এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। ফলে মামলা চলে গিয়েছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে। মঙ্গলবার সেই মামলাই ফের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ফেরত পাঠালেন প্রধান বিচারপতি।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি নির্ধারিত হয়েছিল। কিন্তু সোমবার শুনানিতে এই মামলা শোনার ক্ষেত্রে বিচারপতি ঘোষের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডির আইনজীবী সওয়াল করার সময় বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এই সংক্রান্ত সব আবেদন সিঙ্গেল বেঞ্চে করতে হবে। তাহলে এই এজলাসে এই মামলা কীভাবে গ্রহণযোগ্য হবে? ইডির আরও দাবি ছিল, 'সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিষেক বন্দোপাধ্যায়ের আবেদন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই হওয়া উচিত। নিয়োগ দুর্নীতি তদন্ত বিচারপতি সিনহার নজরদারিতে হচ্ছে। তা না হলে বিচারে ভিন্নতা থাকবে।'
তারপরই বিচারপতি ঘোষ জানান যে, তিনি মামলা ছেড়ে দিচ্ছেন। যদিও অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি আপত্তি জানান। তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকারের কোনও সংস্থার কাছ থেকে এই ধরনের অস্বাস্থ্যকর অভ্যাস প্রত্যাশিত নয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের এক্তিয়ার রয়েছে এই ধরনের মামলা শোনার।'
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ছাড়ার আগে প্রশ্ন তুলেছিলেন, 'নিয়োগ দুর্নীতি মামলায় যদি কোনও অভিযুক্ত জামিনের আবেদন জানায়, তাহলে কী সেই মামলার শুনানি আদালত নির্ধারিত সিঙ্গল বেঞ্চে হবে? আমি প্রধান বিচারপতির কাছে সেটা জানতে চাইব।' তারপরই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি ঘোষ।
অভিষেকের মামলা চলে যায় প্রধান বিচারপতির এজলাসেই। ইডির আপত্তি থাকা সত্ত্বেও মঙ্গলবার প্রধান বিচারপতি ফের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই মামলা ফিরিয়ে দেন। আগামীকাল অর্থাৎ বুধবার হাইকোর্টের ৩৪ নম্বর এজলাসেই অভিষেকের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাইকোর্টের দ্বারস্থ অভিষেক, চোখের চিকিৎসার জন্য যেতে চান আমেরিকা