
শেষ আপডেট: 30 April 2023 05:51
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কোচবিহারের পর এবার জলপাইগুড়িতেও (Jalpaiguri) একই ছবি দেখা গেল। পঞ্চায়েতে প্রার্থী বাছাই নিয়ে গোপন ব্যালটে (Ballot Box) ভোটাভুটি শুরু হতেই বিশৃঙ্খলার ছবি সামনে আসে। ময়নাগুড়ি, পাহাড়পুর, রাজগঞ্জ থেকে ডাবগ্রাম-ফুলবাড়ি সব জায়গাতেই ব্যালট পেপার নিয়ে মারামারি লেগে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে তৃণমূলের দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।
শনিবার দিনের শুরুতে প্রথম গন্ডগোলের ছবি দেখতে পাওয়া যায় ময়নাগুড়ির ভোটপট্টি এলাকা। অভিষেক সভা শেষ করে সবে নিজের গাড়িতে উঠে রওনা দেন পরের গন্তব্যের দিকে, ঠিক তখনই ভোটগ্রহণকে কেন্দ্র করে শুরু হয় বচসা। ব্যালট বাক্স ভাঙাও হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পরিস্থিতি সামাল দিতে পুলিশ নাজেহাল হয়ে যায়। পরে ভোটাভুটি ফের শুরু হলেও তা নিয়ে নতুন করে চাপানউতোর তৈরি হয়। অভিযোগ, ব্যালট বাক্সই নাকি ছিনতাই হয়ে গেছে।
রাজগঞ্জেও দেখা গেছে একই জিনিস। অভিযোগ, প্রার্থী বাছাইয়ের ভোটেও চলে দেদার ছাপ্পা। তৃণমূলের বহু কর্মী অভিযোগ করেছেন যে তাঁরা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। কারণ তাঁরা ব্যালটই হাতে পাননি। ভোট শুরু হতেই ব্যালট লুঠ হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, পঞ্চায়েতে প্রার্থী বাছাই করতে অভিনব পদক্ষেপ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ঘুরছেন তিনি। সব সভা থেকেই অভিষেক একটাই বার্তা দিচ্ছেন, তৃণমূল পঞ্চায়েতের প্রার্থী বাছাই করবে না। পঞ্চায়েতের প্রার্থী বাছবে মানুষ।
কিন্তু অভিষেকের এই উদ্যোগ বাস্তবায়ন করতে গিয়েই বাঁধছে বিপত্তি। জায়গায় জায়গায় ব্যালট বাক্স ভাঙা থেকে লুঠপাটের ঘটনা সামনে আসছে। যা নিয়ে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল।
ছুটির সকালে হুগলির জাতীয় সড়কে যানজট, বেচারামের মিছিল নিয়ে উঠছে প্রশ্ন