দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা নিজের হকের পেনশন পাচ্ছিলেন না। শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হস্তক্ষেপে পেনশন সমস্যা মিটতে চলেছে তাঁর।
সদ্য লুম্বিনী পার্ক মানসিক হাসপাতাল থেকে ফিরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু। বাড়িতে ফিরে তিনি বলেন, হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো লোকের সঙ্গে তাঁর দেখা হয়েছে। পেনশন সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাঁকে।
খড়দহের একটি স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন ইরা। কিন্তু অবসরের পর থেকে তিনি ভবঘুরে হয়ে যান। দিনগুজরান করতেন ডানলপ চত্বরের ফুটপাথে। সম্প্রতি সংবাদমাধ্যমে বিষয়টি আসতেই ব্যাপারটা খোলসা হয়।
এরপর প্রশাসনিক উদ্যোগেই লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল ইরা বসুকে। তবে তাঁর এই জীবনযাপন নিয়ে বিবৃতি দিয়েছিলেন বুদ্ধদেববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য। মীরা জানিয়েছিলেন, ইরা স্বেচ্ছায় এই ধরনের জীবন বেছে নিয়েছেন। আত্মীয়স্বজন কারও কথা শোনেননি। তা না করে জনমানসে পরিবারকে অসম্মান করেছেন বলেই ইরার সামালোচনা করেছিলেন বোন মীরা। শেষ পর্যন্ত জানা গেল, পেনশন জটিলতা কাটল ইরা বসুর। এবং তার জন্য উদ্যোগী ভূমিকা নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।