
শেষ আপডেট: 22 May 2023 08:37
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নবজোয়ার কর্মসূচির জন্য সোমবার ফের বাঁকুড়ায় (Bankura) অভিষেক (Abhishek Banerjee)। নিরাপত্তার জন্য আসা পুলিশ কর্মীদের থাকার জায়গা হয়েছে কলেজে। তাই সোম ও মঙ্গলবার পূর্ব নির্ধারিত সমস্ত পরীক্ষা বাতিল করলেন বিষ্ণুপুর রামানন্দ কলেজ কর্তৃপক্ষ।
কলেজের প্যাডে প্রিন্সিপাল স্বপ্না ঘোড়ইয়ের স্বাক্ষর করা তারিখবিহীন এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেকেন্ড সেমেস্টার ও ফোর্থ সেমেস্টারের ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে কলেজ ক্যাম্পাসে পুলিশ ফোর্স থাকার জন্য ২২ ও ২৩ মে'র নির্ধারিত ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়া হল।
পরে স্বপ্নাদেবী জানান, কলেজে পুলিশ থাকার কারণেই পরীক্ষা বন্ধ করা হয়েছে। তিনি বলেন, “আইসির কাছ থেকে চিঠি পেয়েই পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছি। আলোচনা করেই পরবর্তী পরীক্ষার সূচি জানানো হবে।”

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস পরীক্ষা বন্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি চলছে, সেখানে পুলিশ কর্মীদের রাখা যেত না? রামানন্দ কলেজের এই ঘটনা আরও একবার প্রমাণ করল শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা চলছে।”
সাময়িক বিরতির পর দলের 'নবজোয়ার' কর্মসূচি আবার শুরু হচ্ছে বাঁকুড়ায়। সেই কারণেই পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করেছে প্রশাসন। গত ১৭ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকালে ‘আন্ডার গ্র্যাজুয়েট’ ও ‘পোস্ট গ্র্যাজুয়েট’ প্রথম বর্ষের পরীক্ষা পিছিয়ে দিয়েছিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিষেকের জেরা নিয়ে পার্থকে প্রশ্ন করতেই ক্ষোভ উগরে দিলেন, কী বললেন প্রাক্তন মহাসচিব