
শেষ আপডেট: 20 May 2023 06:01
দ্য ওয়াল ব্যুরো: সকাল ১১টায় টাইম দিয়েছিল সিবিআই। নির্ধারিত সময়ের ঠিক দু’মিনিট আগে, অর্থাৎ সকাল ১০টা ৫৮ মিনিটে নিজাম প্যালেসে পৌঁছলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee at Nizam Palace)।
কালো ফুল স্লিভ শার্ট, ডেনিম ব্লু জিনস রয়েছে অভিষেকের পরনে। এমনিতে এখন প্রায় সারাক্ষণই চশমা চোখে দেখা যায় অভিষেককে। তাঁর চোখের সমস্যাও রয়েছে। এদিন চশমা দেখা যায়নি। হাতে ফোনও দেখা যায়নি ডায়মন্ড হারবারের সাংসদের।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছেন তিনি। সেই মামলার শুনানি হওয়ার কথা আগামী সোমবার ২২ মে। এদিন অভিষেক নিজাম প্যালেসে পৌঁছনোর পর তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কি সুপ্রিম কোর্টে মামলা করেছেন? কোনও জবাব না দিয়েই নিজামের ভিতরে চলে যান তিনি। তিনি শুধু বলেন , যা বলার বেরিয়ে বলব।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, তিন অফিসার এদিন অভিষেককে জিজ্ঞাসাবাদ করবেন। একজন এসপি র্যাঙ্কের অফিসার, একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার ও এই মামলার তদন্তকারী অফিসার থাকবেন। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, তাপস মণ্ডল ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেককে। সকাল সওয়া ১১টা থেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হওয়ার কথা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন, তবে নিজামেও হাজিরা দেবেন তিনি