দ্য ওয়াল ব্যুরো: জল্পনা চলছিল। আজ সোমবারই সেই জল্পনার অবসান হতে পারে। এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিত্ মুখোপাধ্যায়। এদিন বিকেলে তৃণমূল ভবনে একটি সাংবাদিক সম্মেলন রয়েছে। জানা যাচ্ছে সেখানেই জোড়া ফুলের পতাকা হাতে তুলে নেবেন অভিজিত্।
এ ব্যাপারে অভিজিত্ মুখোপাধ্যায়কে ফোন করা হলে তিনি কোনও জবাব দেননি। তবে তৃণমূল সূত্রে বলা হচ্ছে, এদিনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবেন অভিজিত্।
গত মাসে অভিজিতের বাড়িতে গিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার শীর্ষ তৃণমূল নেতারা। সেদিন আবার মুর্শিদাবাদ সফর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেদিন সন্ধ্যাতেই খলিলুর রহমান, আবু তাহের খানরা পৌঁছে গিয়েছিলেন অভিজিতের বাড়িতে।
যদিও সেই সময় অভিজিত্ বলেছিলেন, তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাত্ হয়েছে। এ নিয়ে যাঁরা জল্পনা কল্পনা করছেন সেটা তাঁদের ব্যাপার।
অভিজিত্ সেই সময়ে আরও বলেছিলেন, "বাবার মৃত্যুর পর অনেকেই আসতে পারেননি। এবার তাঁর মৃত্যু বার্ষিকীতে পারিবারিক একটি স্মরণ অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে। সেসব নিয়েই তাঁদের সঙ্গে কথা হয়েছে।" গত বছর ৩১ অগস্ট প্রয়াত হন প্রণব মুখোপাধ্যায়। এখন দেখার কখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে শামিল হন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ।