
শেষ আপডেট: 11 September 2023 10:46
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পাড়ার এক বধূর সঙ্গে ফোনে গল্প করায় যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল মহিলার স্বামী, শ্বশুর ও দেওরের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল আমডাঙার মরিচা গ্রামে (Aamdanga Extra Marital Case) । আক্রান্ত যুবকের নাম ইজাজুল মণ্ডল। ২৬ বছরের ইজাজুলকে বারাসত হাসপাতালে চিকিৎসা করার পর কলকাতার হাসপাতালে রেফার করেছেন ডাক্তাররা।
ইজাজুলের মামা জানান, গ্রামেই এক বধূর সঙ্গে ফোনে গল্প করত ভাগ্নে। এই ঘটনা জানাজানি হতেই গ্রামে সালিশি সভা ডাকা হয়েছিল। উভয়পক্ষকে সেখানে ডাকা হয়। এরপর ইজাজুলকে বাইরে পাঠিয়ে দেওয়ার নিদান দেন সালিশি সভার মাতব্বররা। সেই নির্দেশ মোতাবেক ইজাজুলকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। দু'জনের ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছিল।
সোমবার ওই যুবক মাঠে কাজ করছিলেন। সেই সময় মহিলার স্বামী আরফি বিল্লা ও শ্বশুর, দেওর, ভাসুর মিলে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন যুবকের আত্মীয়রা।
তাঁদের দাবি, প্রথমে পিছন থেকে ধারালো অস্ত্র নিয়ে ওই যুবকের মাথায় আঘাত করা হয়। তারপর পিঠে কোপ মারে অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় মাঠেই লুটিয়ে পড়েন ইজাজুল। তাঁকে বাঁচাতে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর তাঁকে অচৈতন্য অবস্থায় আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে থেকে প্রথমে বারাসত হাসপাতালে পাঠানো হয় ও পরে তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফ্ল্যাটের ভেন্টিলেটর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের! শোরগোল শিলিগুড়িতে