
শেষ আপডেট: 16 September 2023 14:30
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: আধারে ঘনাচ্ছে আঁধার। এবার আধারের বায়োমেট্রিকে আঙুলের ছাপ ক্লোন করে (Aadhar Biometrics Fraud) এক স্কুল শিক্ষককের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার অভিযোগ উঠল। রায়গঞ্জের ওই স্কুল শিক্ষকের অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট থেকে কেউ বা কারা কয়েক হাজার টাকা তুলে নিয়েছে।
তবে তাঁর অনুমান, কয়েকদিন আগেই হুগলির চুঁচুড়ার একটি পৈতৃক ভিটে বিক্রি করেছেন তিনি। সেই সময়ে জমি রেজিস্ট্রি অফিসে আধার কার্ডে বায়োমেট্রিকের আঙুলের ছাপ দিয়েছিলেন। সেখানে থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে।
কীভাবে হচ্ছে প্রতারণা?
আধার এনেবলড পেমেন্ট সিস্টেম অর্থাৎ এইএফএস এক ধরনের ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া। কোনও ব্যক্তির কাছে এটিএম কার্ড না থাকলে এইএফএস পদ্ধতিতে পেমেন্ট চলে।
এক্ষেত্র কোনও কাউন্টার বা সেন্টারে গিয়ে যে কোনও ব্যক্তি এখান থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা তুলতে পারে। এক্ষেত্রে তাঁর আধার কার্ডে থাকা আঙুলের ছাপ দরকার হয়। সেই ছাপই চুরি হয়ে যাচ্ছে বলেই অভিযোগ উঠছে।
ইতিমধ্যেই উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় এই আধার কার্ড জালিয়াতির জাল ছড়িয়ে পড়েছে। অনেকেই এই ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুঁইয়েছেন। এখন সেই জালের চক্রীদের খুঁজতেই পুলিশের ঘুম ছুটেছে।
আরও পড়ুন: হাতকাটা মাসুদকে অবশেষে গ্রেফতার করল পুলিশ, একাধিক খুনের মামলায় অভিযুক্ত