
শেষ আপডেট: 17 March 2023 14:11
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: বিয়েবাড়িতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক মহিলার। অভিযোগ, সেখানে গণধর্ষণের (gangrape) শিকার হয়েছেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। টানা চারদিন পর শুক্রবার সেখানেই মারা যান ওই নির্যাতিতা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে (Gangarampur)।
মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। সেখানেই গণধর্ষণের শিকার হন তিনি। সে রাতেই তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করার পর বাড়ি নিয়ে আসেন পরিবারের লোকেরা। পরের দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ১৫ মার্চ পরিবারের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করে পুলিশ। হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলে তাঁর বয়ানও রেকর্ড করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই নির্যাতিতার।
পরিবারের অভিযোগ, সোমবার রাতে পার্শ্ববর্তী এক গ্রামের ৫-৬ জন যুবক সুযোগ বুঝে ওই মহিলাকে একা পেয়ে টানতে টানতে তুলে নিয়ে যায় জঙ্গলে। তারপর সেখানেই পাশবিক নির্যাতন চালায়। তাঁকে মারধর করা হয়েছিল বলেও অভিযোগ। এরপর রাত অনেক গভীর হলেও মহিলা বাড়ি না ফিরলে খোঁজখবর শুরু করা হয়। রাতেই জঙ্গল থেকে উদ্ধার করা হয় তাঁকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
নরেন্দ্রপুরে ছেলেকে ফ্যানে ঝোলাচ্ছিল মা, বাঁচিয়ে দিলেন পরিচারিকা