
শেষ আপডেট: 18 February 2021 08:30
স্থানীয় সূত্রে খবর, রাতে পাড়ার চায়ের দোকানে আড্ডার পর হেঁটে বাড়ি ফিরছিলেন তাহাজউদ্দিন। সেই সময় বোলতলা মোড় নামে একটি জায়গায় আচমকা তাঁর ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। রাতের অন্ধকারে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর বন্দুক চলার শব্দ শুনে স্থানীয় মানুষ ছুটে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুতর অবস্থায় তাহাজউদ্দিনকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনিত হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাঁকে স্থানান্তরিত করা হয়। সেখানেও আরও সংকটজনক পরিস্থিতি তৈরি হয় তাঁর। তাই, ঝুঁকি না নিয়ে তাহাজউদ্দিনকে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, তাহাজউদ্দিনের মাথার বাঁ দিকে গুলি লেগেছে। অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করার কথা রয়েছে। অবস্থা খুবই সংকটজনক।
বিষয়টি নিয়ে হরিহরপাড়ায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, রাতে অন্ধকারে গা ঘা দিয়ে ছিল দুষ্কৃতীরা। সুযোগ আসতেই ওই ব্যক্তির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীদল। তাই, তাদের শনাক্ত করা যায়নি। তবে ঘটনার পিছনে কি কারণ রয়েছে তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় এখনও কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না তানিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়েমেন্টের অধীনে মাটি কাটার কাজের প্রকল্পে সুপার ভাইজার কাজ করেন তাহাজউদ্দিন।