
শেষ আপডেট: 7 April 2023 10:52
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: স্কুলের গার্লস হোস্টেল (school hostel) থেকে উদ্ধার হল এক আদিবাসী ছাত্রীর (tribal student) ঝুলন্ত দেহ! ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) সাতুড়ি থানার অন্তর্গত মুরাডি গার্লস হাইস্কুলের গার্লস হোস্টেলে। শুক্রবার সকালে মেয়েটির দেহ উদ্ধার হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ছাত্রীর নাম মধুমিতা সরেন। সে একাদশ শ্রেণিতে পড়ত। তার বাড়ি সাঁতুড়ি থানার অন্তর্গত লাটুলবাইদ গ্রামে।
জানা গিয়েছে, এই মুহূর্তে একাদশ শ্রেণির পরীক্ষা হয়ে যাওয়ায় আর কোনও ছাত্রী হোস্টেলে নেই। স্কুল কর্তৃপক্ষের তরফে অভিভাবকদের বলা হয়েছিল যে, আগামী ১০ এপ্রিল ছাত্রীদের হোস্টেলে নিয়ে আসতে। কিন্তু মধুমিতা সরেনের বাবা ৬ এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবারই মেয়েকে হোস্টেলে দিয়ে যায়। তখন বাকি ছাত্রীদের স্কুলে পরীক্ষা চলছিল। এই কারণে হোস্টেল ছিল একেবারে ফাঁকা।
পরে ছাত্রীরা পরীক্ষা শেষে হোস্টেলে ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। এরপর জানালা দিয়ে তারা সবাই দেখে, গলায় দড়ি দেওয়া অবস্থায় সিলিং থেকে ঝুলছে মধুমিতা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে। সেখান থেকে পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়।
কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। ঘরের দরজা ভেঙে মধুমিতার ঝুলন্ত দেহ নামিয়ে আনা হয়। এরপর সঙ্গে সঙ্গে মধুমিতাকে মুরাডি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছে ওই ছাত্রী। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়টি পরিষ্কার হবে।
দমকলে নিয়োগ নিয়ে ক্ষোভের আগুন, মির্জা গালিব স্ট্রিটে ধুন্ধুমার