
শেষ আপডেট: 16 October 2022 06:38
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নৃশংসভাবে খুনের (mob attack) ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার তেহট্টের (Tehatta) বেতাই এলাকায়। অভিযোগ, ওই ব্যক্তিকে দরজার গ্রিলের সঙ্গে হাত-পা বেঁধে পিটিয়ে মারা হয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। মৃতের নাম লিটন বিশ্বাস ওরফে গদাই।
জানা গেছে, এই যুবক (thief) ছোট থেকেই সাইকেল চুরির সঙ্গে যুক্ত। বর্তমানে পুরনো সাইকেলের তেমন চাহিদা না থাকায় ইদানিং সে এর ওর বাগান থেকে কলা, লেবু-সহ নানারকম জিনিস চুরি করতে শুরু করে বলে জানা যায়। এর আগে একাধিকবার সে চুরির ঘটনায় গ্রেফতার হয়েছে। কিন্তু তারপরও শুধরানোর লক্ষণ নেই।
স্থানীয়দের অভিযোগ, জেল থেকে ফিরে আবার চুরির পেশায় সে নেমে পড়ত। তবে গদাই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলেও জানা যায়। এলাকায় গদাই ‘চোর’ নামেই পরিচিত ছিল সে। রবিবার সকালে এলাকার একটি ক্লাবের দরজার গ্রিলের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় গদাইকে দেখতে পান সবাই। কাছে যেতেই বোঝা যায়, তাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে।
এভাবে গদাইকে খুন মানতে পারছেন না কেউই। ঘটনার কথা তড়িঘড়ি জানানো হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহট্ট থানার পুলিশ। তারা ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।