দ্য ওয়াল ব্যুরো: সুকনা জঙ্গল থেকে গরু ফেরত আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক চা–শ্রমিকের! পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম অজিত সৌরিয়া ওরফে চাঙ্কে। ২৮ বছরের অজিত মোহরগাঁও চা–বাগানের বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের মতোই শনিবারও অজিত গরু চরাতে নিয়ে গেছিলেন। দিনভর গরুগুলি চরে বেড়ানোর পরে সন্ধ্যে নাগাদ সুকনা ফরেস্টে গরু আনতে যান অজিত। সেই সময়ে বনকর্মীরা তাঁকে লক্ষ করে গুলি চালিয়ে বসে বলে অভিযোগ। এর ফলে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে সুকনা ফরেস্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রধাননগর থানার আইসি, ওয়েস্ট জোন এসিপি চিন্ময় মিত্তল-সহ কার্শিয়ঙের অ্যাডিশনাল এসপি। বিক্ষোভকারীরা জানান, যতক্ষণ পর্যন্ত ঘটনায় অভিযুক্তের সাজা হয়, ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকারও। তিনি মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলেছেন। বনকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি। সব পক্ষের সঙ্গে কথা বলার পরে জানান, বিষয়টি এখনও রহস্যজনক। বনমন্ত্রীকে পুরো ঘটনার কথা জানানো হবে বলে আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে পূর্ণ তদন্ত যাতে হয় তার জন্যও মন্ত্রীকে আর্জি জানানো হবে বলে জানান।
পাশাপাশি মৃতের স্ত্রী সরিতা সৌরিয়া যাতে বন দফতরে কোনও চাকরি পান, সে বিষয়েও ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন। যদিও বনকর্তাদের পাল্টা দাবি, যে এলাকায় অজিতের মৃতদেহ পাওয়া গেছে সেটি বন দফতরের এলাকাই নয়। এই ঘটনায় কোনও বনকর্মী জড়িত নয় বলেও দাবি করেছেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।