দ্য ওয়াল ব্যুরো: ২৫ কোটির হেরোইন–সহ ধরা পড়ল দুর্গাপুরের মাদক কারবারি। শনিবার বিকেলে প্রগতি ময়দান থানা এলাকা থেকে তাকে ধরা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার কলকাতা পুলিশের এসটিএফ ওই মাদক পাচারকারীর খোঁজ শুরু করে। বছর ছত্রিশের ওই মাদক কারবারির কাছ থেকে প্রায় ৬ কেজি হেরোইন পাওয়া গেছে। মাদক ও তার মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম তাপস রায়। ওই মাদক কারবারি দুর্গাপুরের কাঁকসার বাসিন্দা। বীরভূমের দুবরাজপুর থানা এলাকাতেও একটি বাড়ি রয়েছে তার।
কলকাতার কোথায় সে মাদক পৌঁছে দিত, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত তাপসকে জিজ্ঞাসাবাদ করে বড় কোনও মাদক চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলেও মনে করা হচ্ছে। সম্প্রতি কোভিডবিধি না মেনে পার্কস্ট্রিট এবং মিন্টো পার্কের অভিজাত হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল। পার্কস্ট্রিটের সেই হোটেলও মাদক পাওয়া গিয়েছে। অভিজাত হোটেলের পার্টিতে মাদক সরবরাহের নেপথ্যে এই কারবারির যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।