
শেষ আপডেট: 1 February 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: দু'দিন ধরে নিখোঁজ এক স্কুলছাত্রীর মুন্ডুহীন দেহ উদ্ধার ও এই ঘটনায় তারই জেঠতুতো দাদার যোগের খবরে শোরগোল পড়ল মালদহের ইংরেজবাজারে। বুধবার দেহ উদ্ধারের পরেই অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় স্থানীয় মানুষ। বৃহস্পতিবারও সকাল থেকে শহরজুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। দফায় দফায় রাস্তা অবরোধে নাকাল হন নিত্যযাত্রীরা।
সোমবার সন্ধের পর থেকেই খোঁজ মিলছিল না ওই কিশোরীর। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার হদিশ না মেলায় পুলিশের দ্বারস্থ হন অভিভাবকরা। তদন্তে নামে পুলিশ। কথা বলে তার স্বজনদের সঙ্গে। খতিয়ে দেখে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এরপরেই ওই কিশোরীর জেঠতুতো দাদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। তারপরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সোনু কেশরী নামে ওই যুবক জেরায় জানায়, সেই তার খুড়তুতো বোনকে স্থানীয় একটি আমবাজারের গুদামে তুলে নিয়ে গিয়ে গলা কেটে খুন করেছে। ওই গুদামেই লুকিয়ে রেখেছে দেহ।
এই তথ্য সামনে আসার পরেই বুধবার রাতে ওই গুদামে অভিযান চালায় পুলিশ। এরপর অভিযুক্তের দেখিয়ে দেওয়া জায়গাতেই ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। অভিযুক্তের বাড়িতে চড়াও হয় তারা। বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। ঘটনাস্থলে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। এই ঘটনার রেশ রয়েছে বৃহস্পতিবার সকালেও। ইংরেজবাজার পোস্ট অফিস মোড়ে অবরোধ শুরু করেন এলাকার মানুষ।
পুলিশ জানিয়েছে, জেরায় ওই যুবক দাবি করে, কিশোরীর বাবার সঙ্গে তার সম্পর্ক ভাল ছিল না। মূলত সেই আক্রোশেই সে তার খুড়োতুতো বোনকে খুন করেছে। তবে এর পিছনে অন্য কোনও কারণও থাকতে পারে। সমস্তদিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।