
শেষ আপডেট: 10 April 2023 17:13
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: চলন্ত ট্রেনে চলল গুলি। নিউ জলপাইগুড়ি স্টেশনে (NJP Station) ঢোকার মুখে কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসের মধ্যে গুলিকাণ্ডে প্রাণ গেল এক যাত্রীর! সোমবার রাতে ঘটে ঘটনাটি।
রেল সূত্রে খবর, এদিন রাতে কামাখ্যা এক্সপ্রেস এনজেপি স্টেশনে ঢোকার মুখে ট্রেনের অসংরক্ষিত কামরায় এক আততায়ী এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে বলে খবর। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ট্রেন যখন স্টেশনে ঢোকে তখন দেখা যায় এক যাত্রী সিটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।
রেল পুলিশ সূত্রে খবর, ওই যাত্রীর শরীরে একাধিক গুলির ক্ষত রয়েছে। মনে করা হচ্ছে, ওই ট্রেনে যে আততায়ী গুলি চালিয়েছে, সে ট্রেন থামার আগেই চলন্ত ট্রেন থেকে নেমে পালিয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যাত্রীর দেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। এই হামলার ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তার খোঁজ চালানো হচ্ছে। ট্রেনের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনও।