
শেষ আপডেট: 13 August 2023 02:05
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শনিবার সাতসকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হুগলির চুঁচুড়ায় (Chinsura)। চুঁচুড়া থানার চকবাজার পাঙ্খাটুলিতে উদ্ধার হওয়া মৃত ওই যুবকের (man) নাম শেখ হায়দার (৩৩)। খুন না আত্মহত্যা, এই নিয়ে বাড়ছে রহস্য (mystery)।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে পরিবার। কারণ, যুবকের প্রেমিকার বাড়ির পিছনে একটি গাছ থেকেই এই ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ। তাঁরা মৃতদেহটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এদিকে পুলিশ আসার আগেই যুবককে খুনের অভিযোগ তুলে মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা সেই প্রেমিকার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, শেখ হায়দার নামের ওই যুবক পেশায় রাজমিস্ত্রি ছিলেন। বহুবছর আগেই তাঁর বিয়ে হয়েছে। এমনকী ঘরে সন্তানও রয়েছে। এরপরও তিনি চকবাজার এলাকার এক যুবতীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান। প্রেমের জেরে হায়দার একবার সেই প্রেমিকাকে নিয়ে দিল্লিতেও পালিয়ে গিয়েছিলেন।
যদিও দিল্লিতে বেশিদিন থাকেননি। মাসখানেকের মধ্যেই সেখান থেকে ফিরে আসেন দু’জনে। এরপর ব্যারাকপুরে থাকছিলেন। এদিকে সংসার শুরুর পরই হায়দারের বিরুদ্ধে মারধর ও অত্যাচারের অভিযোগ তুলে সেই প্রেমিকা তাঁর স্বামীর কাছে ফিরে যান। হায়দারও চলে আসেন তাঁর নিজের বাড়িতে। বাড়ি ফেরার পর থেকে সব ঠিকই চলছিল। কিন্তু তারমধ্যেই শনিবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় হায়দারের।
সাতসকালে ওই গাছ থেকে মৃতদেহ ঝুলতে দেখে শোরগোল ছড়ায় এলাকায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় যুবকের বাড়িতেও। জানা গিয়েছে, দেহের কাছ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিকে প্রেমিকাকে কাঠগড়ায় তুলে এবং তাঁর বিরুদ্ধেই খুনের অভিযোগ এনে মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা তাঁর বাড়িতে চড়াও হন। পরে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিমবক্স র্যাকেট চক্রের পর্দা ফাঁস, রাজ্যজুড়ে তল্লাশি চালিয়ে এক বাংলাদেশি-সহ ৮ জনকে ধরল এসটিএফ