
শেষ আপডেট: 23 October 2022 07:21
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ভরসন্ধেয় রাস্তার মাঝে এক ভবঘুরে ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন (murder)। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta)। এর পরপরই সেই এলাকায় গিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি খানিক মানসিক ভারসাম্যহীন।
জানা গিয়েছে, মৃতের নাম তপন মণ্ডল (৪৫)। সূত্রের খবর, শনিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে ফলতা থানার অন্তর্গত বৈদ্যখালি এলাকায়। পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তপন মণ্ডল নামের ওই ব্যক্তি স্থানীয় একটি স্কুলের পাশে অন্ধকারে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, সেইসময় আচমকাই পিছন থেকে ধারাল অস্ত্র নিয়ে তপনের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে এক ব্যক্তি। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তপন। তাঁর আর্তনাদ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই ওই হামলাকারীকে হাতেনাতে ধরে ফেলে।
ঘটনার জেরে জোর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তপনকে উদ্ধার করে ফলতা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওখানেই আক্রান্ত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে ফলতা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।
ছেলেধরা সন্দেহে ঝাড়গ্রামে পাকড়াও স্মৃতি হারানো মা! আটদিন পর ঘরে ফেরালেন ছেলে