
শেষ আপডেট: 24 September 2022 11:49
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: শুক্রবার সন্ধ্যায় মাইথন ড্যামের (Maithon Dam) উপর কালীপাহাড়ি মোড়ের কাছে পরপর গুলি (fire) চলল। ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, এই গুলি ছোড়ার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ড্যামে বেড়াতে আসা কয়েকজন পর্যটক।
সূত্রের খবর, দুটি বাইকে চেপে মাইথন ড্যামে এসেছিল চার নেশাগ্রস্ত যুবক। তাদের মধ্যেই রোহিত সিং নামের একজন পিস্তল (gun) বের করে হঠাৎই দু'রাউন্ড গুলি চালায়। একজনের দু'পায়ের মাঝখান দিয়ে চলে যায় একটি গুলি। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই যুবকদের আটকানোর চেষ্টা করে কয়েকজন। পিস্তলের ভয় দেখিয়ে তিন যুবক পালিয়ে গেলেও সোনু যাদব নামের এক যুবক মোটর সাইকেল সমেত মানুষের হাতে পড়ে যায়। বেধড়ক মারধর খায় সেই যুবক। তার বাইকটিও ভেঙে দেয় উত্তেজিত সবাই।
খবর পেয়ে প্রথমে মাইথন পুলিশ ফাঁড়ির পুলিশ এবং পরে ঝাড়খণ্ডের চিরকুন্ডা ও নিরসা থানার পুলিশ আসে। সোনুকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। দুর্গাপুজোর আগেই এই ঘটনায় কল্যানেশ্বরী মন্দির ও মাইথন এলাকার হোটেলের মালিকরা রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন। পুজোর সময় সেখানে পর্যটকদের ঢল নামে। কিন্তু এমন ঘটনার পর সাধারণ মানুষ আদৌ মাইথনমুখী হবেন তো, তা নিয়েই চিন্তা বেড়েছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সোনু যাদব, রোহিত সিং, শুভম সিং এবং নীরজ যাদব এই চার যুবক মাইথন ড্যাম মোড়ে অবস্থিত মদের দোকান থেকে মদ নিয়ে তীব্র গতিতে গোগনার দিকে যাচ্ছিল। সেইসময় তাদের মধ্যেই কোনও কারণে ঝামেলা বাঁধে। এরপরই এক যুবক পিস্তল বের করে পরপর দু'রাউন্ড গুলি চালায়।
স্থানীয় লোকজনের অভিযোগ, 'মাইথন ড্যাম মোড়ের কাছে যেদিন থেকে মদের দোকান খোলা হয়েছে, সেদিন থেকেই সেখানকার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কমবেশি রোজদিনই মদ্যপান করে কেউ না কেউ ঝামেলা করে। এবার তো প্রকাশ্যে গুলি চলল। প্রশাসনের শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।'
বাগুইআটি কাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, ১৬ দিন পর উদ্ধার নিখোঁজ মহিলার মুণ্ডুকাটা দেহ