
শেষ আপডেট: 8 July 2022 13:47
দ্য ওয়াল ব্যুরো: ছুটিতে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হলো না বছর বাইশের এক যুবকের। মৌসুনি দ্বীপে (Mousuni Island) ঘুরতে এসে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন সেই ব্যক্তি। পরে স্থানীয়দের তৎপরতায় সমুদ্র থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর তাঁকে স্থানীয় দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, মৌসুনির (Mousuni Island) বালিয়ারাতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন বিধাননগর থানা এলাকার বাসিন্দা ২২ সন্দীপ সাহু। সেখানেই সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। পরে যুবকের সঙ্গে থাকা বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, সমুদ্রে নামার আগে সকলেই মদ্যপান করেছিলেন। সেই সময়েই অসাবধানতায় পা পিছলে সমুদ্রে তলিয়ে যায় সন্দীপ। সাঁতার না জানাতেই বিপত্তি ঘটে।
লোকাল ট্রেনের কামরায় পড়েছিল সদ্যোজাত শিশুকন্যা! উদ্ধার করলেন রেলকর্মীরা
তড়িঘড়ি সন্দীপের সঙ্গে থাকা দুই বন্ধু এবং স্থানীয় বাসিন্দারা তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা সন্দীপকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই হাসপাতালে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি কাকদ্বীপ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।