
শেষ আপডেট: 19 December 2023 19:49
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হাসপাতাল থেকে ছুটি পেয়েও বাড়ি ফেরা হল না। মাঝ পথে দুর্ঘটনার কবলে পড়ে ফিরতে হল ফের হাসপাতালে! এমন ঘটনা ঘটেছে জলপাইগুড়ির এক ব্যবসায়ীর ক্ষেত্রে।
কানাই দেবনাথের বাড়ি জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েতে। তিনি অসুস্থ হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সুস্থ হয়ে ওঠায় মঙ্গলবার দুপুরে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য একটি টোটো ভাড়া করেছিলেন তিনি। বাড়ির লোকজনও তাঁর সঙ্গেই ছিলেন। টোটো চড়ে বাড়ি ফেরার সময়ে পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের রেল ঘুমটির কাছে আচমকাই একটি বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের টোটোয় ধাক্কা মারে। কানাইবাবুদের টোটো উল্টে যায় নয়ানজুলিতে। সঙ্গে বোলেরো গাড়িটিও নয়ানজুলিতে পড়ে।
দুর্ঘটনার সময় টোটো রিক্সোতে অসুস্থ কানাইবাবু ছাড়াও ছিলেন তাঁর আত্মীয় প্রতিমা দেবনাথ। টোটো চালাচ্ছিলেন উদয় দাস। তিনজনই জখম হন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে কানাইবাবু, তাঁর আত্মীয় প্রতিমা দেবী ও টোটো চালক উদয় দাসকে উদ্ধার করে জলপাইগুড়ির মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে সুযোগ বুঝে পালিয়ে যায় বোলেরো গাড়ির ড্রাইভার।
জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ টোটো ও গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। গাড়ির চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।