এক মহিলার হারানো ব্যাগ নাটকীয় ভাবে উদ্ধার করে তা ফেরালেন অন্য এক মহিলা
দ্য ওয়াল ব্যুরো: কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি নথিপত্র সহ ব্যাগ ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক গৃহবধূ। ঘটনাটি হাবড়া বাজার এলাকার।
বেসরকারি সংস্থার কর্মী গার্গী মুখোপাধ্যায় থাকেন অশোকনগর থানার ৮ নম্বর শিশিরপল্লি এলাকায়। কাজ সেরে শুক্র
শেষ আপডেট: 28 December 2019 09:18
দ্য ওয়াল ব্যুরো: কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি নথিপত্র সহ ব্যাগ ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক গৃহবধূ। ঘটনাটি হাবড়া বাজার এলাকার।
বেসরকারি সংস্থার কর্মী গার্গী মুখোপাধ্যায় থাকেন অশোকনগর থানার ৮ নম্বর শিশিরপল্লি এলাকায়। কাজ সেরে শুক্রবার রাত প্রায় ন’টা নাগাদ তিনি পরিবারের জন্য কেনাকাটা করতে হাবড়া পিএল মেডিক্যাল গলির মুখে একটি দোকানে গিয়েছিলেন। দোকান থেকে বেরিয়ে গিয়ে কিছুদুর যাওয়ার পরে হঠাৎই খেয়াল করেন তাঁর ব্যাগটি কাছে নেই। সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু তাতে কোনও লাভই হয়নি। রাতেই তিনি হাবড়া থানার দ্বারস্থ হন।
উত্তর হাবড়ার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের বেবি কুণ্ডু কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথে পিএল মেডিক্যাল গলির মুখে তিনি দেখেন এক ব্যক্তি রাস্তা থেকে একটি লেডিজ ব্যাগ কুড়িয়ে নিচ্ছেন। তখনই তিনি ঐ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন মেয়েদের ব্যাগ দিয়ে তিনি কী করছেন। ব্যাগটি তিনি টেনে নেন। পরিস্থিতি দেখে বুঝতে পারেন যে ব্যাগটি ওই ব্যক্তির নয়, সেটি কারও হাত থেকে পড়ে গেছে।

ব্যাগ খুলে বেবি কুণ্ডু দেখেন তার মধ্যে নগদ সাড়ে আট হাজার টাকা, একটি ভোটার কার্ড ও একটি আধার কার্ড রয়েছে। তখন পার্শ্ববর্তী সমস্ত দোকানে গিয়ে জানিয়ে আসেন, যদি কেউ তাঁর হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজতে আসেন তাহলে তাঁকে যেন জানিয়ে দেওয়া হয়, বেবি কুণ্ডুর কাছে সেটি সুরক্ষিত আছে। পরে তিনি ব্যাগে থাকা মোবাইল নম্বরে ফোন করেন। তখন তাঁকে থানায় যেতে বলা হয়।
সেই রাতেই থানায় গিয়ে ব্যাগটি তিনি প্রকৃত মালিককে ফিরিয়ে দেন।
ব্যাগটি ফিরিয়ে দেওয়ার পরে তিনি গার্গী মুখোপাধ্যায়কে বলেন যেন গার্গী দেখে নেন ব্যাগে টাকা-পয়সা, নথিপত্র ও অন্য সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। যিনি ওই ব্যাগের মালিককে টাকা-সমেত ব্যাগটি ফিরিয়ে দিতে রাতে থানায় পর্যন্ত হাজির হয়েছেন, দোকানে দোকানে গিয়ে ব্যাগের মালিকের সন্ধান করেছেন, তিনি যে ব্যাগের ভিতরের সব কিছু অক্ষত ভাবেই ফেরাবেন, তাতে নতুনত্ব কিছু নেই।
আধার কার্ড, নির্বাচন কমিশনের সচিত্র পরিচয়পত্র ও ব্যাগে থাকা সাড়ে আট হাজার টাকা ফিরে পেয়ে দৃশ্যতই খুশি ছিলেন গার্গী মুখোপাধ্যায়। তিনি বেবি কুণ্ডুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরাসরি প্রকৃত মালিকের হাতে তাঁর খোয়া যাওয়া ব্যাগটি ফিরিয়ে দিতে পেরে তৃপ্তি পেয়েছেন বেবি কুণ্ডুও। এই ঘটনায় শুধু বেবি কুণ্ডুর সততাই প্রকাশ পায়নি, তিনি ব্যাগটি ফেরাতে কতটা তৎপর ছিলেন তাও স্পষ্ট হয়ে গেছে।