
শেষ আপডেট: 2 September 2022 12:35
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বুধবার থেকে আপ্রাণ চেষ্টার পরেও জালে ধরা দিচ্ছিল না বিশালাকার বার্মিজ পাইথন (python)। অবশেষে বৃহস্পতিবার বিকেলের দিকে স্থানীয় এক পরিবেশকর্মীকে নাকানিচোবানি খাইয়ে ধরা পড়ে। এত বড় সাপটি ধরা পড়ায় (rescued) শেষ অবধি হাফ ছেড়ে বাঁচেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিক বস্তি এলাকায়।
পাখি খাওয়ার লোভে এক গাছ থেকে আরেক গাছে উঠে পড়েছিল সাপটি। তাকে নামাতে গিয়েই চলল টানা একদিনের যুদ্ধ! জানা গেছে, গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় চব্বিশ ঘণ্টা চেষ্টা চালানোর পর গাছ থেকে বার্মিজ পাইথনটিকে নামানো সম্ভব হয়। পরে প্রাণীটিকে বন দফতরের হাতে তুলে দেন স্থানীয় পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী।
সূত্রের খবর, বুধবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিক বস্তির ভেতর একটি গাছে উঠে পড়ে প্রায় দশ ফুট লম্বা একটি অজগর সাপ। সাপটিকে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দারা পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দেন। তিনি এসে দেখেন সাপটি প্রায় ৫০ ফুট উচ্চতার একটি বিশাল আকারের গাছের মগডালে উঠে বসে আছে।
দাঁতনে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি! দাউদাউ করে জ্বলল দুটি গাড়ি
শুরু হয় পাইথনটিকে গাছ থেকে নামানোর প্রক্রিয়া। দীর্ঘক্ষণ চেষ্টার পর সাপটি ধরা পড়ার বদলে পাশের একটি পুকুরে পড়ে যায়। এরপর পুকুরেই নেমে যান বিশ্বজিৎ বাবু। দীর্ঘক্ষণ ধরে চলে সাপ আর মানুষের লুকোচুরি খেলা। তবে রাত হয়ে যাওয়ায় তিনি পুকুর থেকে উঠে আসেন। সাপটিকে ধরতে না পেরে এলাকার মানুষকে বলে আসেন কড়া নজর রাখতে। সঙ্গে সাবধানও থাকতে বলেন।
বৃহস্পতিবার বেলার দিকে ফের পাশের একটি গাছে সাপটিকে উঠে পড়তে দেখেন বাসিন্দারা। গাছে বসে থাকা একটি পাখিকে ধরার জন্যই অজগর সাপটি উপরে উঠেছিল বলে মনে করছেন সবাই। ফের খবর যায় বিশ্বজিৎবাবুর কাছে। ঘটনার কথা জানতে পেরে বিশ্বজিৎবাবু এসে বিকেলের দিকে পাইথনটিকে গাছ থেকে নামান। পরে বন দফতরের হাতে সাপটিকে তুলে দেন তিনি।
বিষয়টি নিয়ে পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, ‘এটি একটি বার্মিজ পাইথন ছিল। লম্বায় প্রায় দশ ফুট। সাপটি একটি গাছের মগডালে উঠেছিল। সাপটিকে অত উঁচু গাছ থেকে নামাতে না পেরে আমি দমকলের সাহায্য চেয়েছিলাম। কিন্তু ওঁরা কোনও সাহায্যই করেননি। যার ফলে উদ্ধারে অনেক দেরি হল।’