
শেষ আপডেট: 20 January 2023 13:19
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: জন্মদিনের সন্ধেয় বন্ধুদের ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল তরুণ। এরপর সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও আর ঘরে ফেরেনি। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান বাবা-মা। এরপর অনেক খোঁজাখুঁজি করে গভীর রাতে রেল লাইনের (rail track) ধারে মেলে তরুণের রক্তাক্ত দেহ (deadbody)। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। ঘটনাটি ঘটেছে হাওড়া (Howrah) সদরের বাঁকড়া এলাকায়। খবর পেয়ে বাঁকড়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। শুরু হয়েছে তদন্ত।
মৃত তরুণের নাম কৃষ্ণ পাড়ুই (২১)। বাঁকড়া মিশ্রপাড়া এলাকার বাসিন্দা সে। বৃহস্পতিবার তাঁর জন্মদিন ছিল। সন্ধেয় বন্ধুদের ফোন পেয়ে বাড়ি থেকে সেই যে বেরিয়েছিলেন, আর ফেরেননি। গভীর রাতে বাঁকড়ার কাছে হাওড়া আমতা রেল লাইনের পাশে জোড়া মন্দিরতলা এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার সকালে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মিশ্রপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
বাবা-মার একমাত্র সন্তান ছিল কৃষ্ণ। তাঁর মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েছে পরিবারের লোকজন। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই যুবক ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছেন। তবে সেকথা মানতে নারাজ তরুণের পরিবার। কৃষ্ণর বাবা-মার দাবি, "ওঁকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে গুলি করে খুন করা হয়েছে। পেটে গভীর ক্ষত রয়েছে।"
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মৃতের এক আত্মীয় শচীন চৌধুরী জানান, "কৃষ্ণ বেশ কয়েকদিন ধরে চুপচাপ ছিল। কারণ জানতে চাইলেও কাউকে কিছু বলেনি। মনে হয় কিছু নিয়ে ঘেঁটে ছিল। তবে যে বন্ধুরা ফোন করে ডেকেছিল, তাঁদের জিজ্ঞাসাবাদ করলে সব পরিষ্কার হয়ে যাবে।"
বাংলায় ২৪ ঘণ্টায় ভোল বদলাবে আবহাওয়া, আগামী পাঁচ দিন বড় পরিবর্তনের ইঙ্গিত