রফিকুল জামাদার
ভোটের আগেই শুরু হয়ে গিয়েছিল রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' আর 'পাড়ায় সমাধান' প্রকল্প। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত দ্বিতীয় দফায় এই দুই প্রকল্পের কাজ আবার শুরু করা হবে আগামী ১৬ অগস্ট থেকে। রাজ্য সরকারের এই দুই প্রকল্পের কাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য একটি স্টেট লেভেল কমিটি তিনটি টাক্সফোর্স তৈরি করল নবান্ন।
মুখ্যসচিবকে মাথায় রেখে তৈরি হয়েছে স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি। এই কমিটিতে মুখ্যসচিব ছাড়াও রয়েছেন একাধিক দফতরের প্রধান সচিবরা।
পাশাপাশি, তৈরি হয়েছে স্টেট লেভেলে একটি টাক্সফোর্স এবং জেলা ও কলকাতার জন্য তৈরি হয়েছে দুটি পৃথক টাক্সফোর্স। লক্ষ্য একটাই, এই দুই প্রকল্পের সুবিধা থেকে যাতে কোনও ভাবে সাধারণ মানুষ বঞ্চিত না হন সেই জন্যই এই পদক্ষেপ নবান্নের।
উল্লেখ্য, দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান এই দুই প্রকল্প চালু হচ্ছে আগামী ১৬ অগস্ট থেকে। দুয়ারে সরকারের ক্যাম্প চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এবং পাড়ায় সমাধানের ক্যাম্প চলবে ৩১ অগস্ট পর্যন্ত। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই দুই প্রকল্প শুরু হচ্ছে আগামী ১৬ অগস্ট থেকে। 'দুয়ারে সরকার'-এর জন্য যে সমস্ত আবেদন জমা পড়বে তা খতিয়ে দেখা হবে ৮ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। পাশাপাশি, খতিয়ে দেখার পর এই প্রকল্পে আবেদনকারীদের পরিষেবা প্রদান করা হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।