দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলের বিরুদ্ধে এর আগে বিমানবন্দর কাণ্ডে এফআইআর করেছিল সিবিআই। গত ১৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সেই এফআইআর খারিজ করার নির্দেশ দিয়েছিলে। কিন্তু সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের আবেদন জানাল কেন্দ্রীয় শুল্ক দফতর।
উনিশের লোকসভা ভোটের আগের ঘটনা। ব্যাঙ্কক থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে রুজিরার ব্যাগে তল্লাশি চালিয়েছিলেন শুল্ক দফতরের অফিসাররা। অভিযোগ উঠেছিল, স্যুটকেসের মধ্যে সোনা ছিল। তল্লাশির সময়েই নাকি বিমানবন্দরে পুলিশ ঢুকে শুল্ক দফতরের কাজে বাধা দেয়। ওই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর হয়েছিল। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে কাজ করছে বলেও অভিযোগ তোলা হয়েছিল। সম্ভবত অভিষেক বলেছিলেন, তাঁর সঙ্গে রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বিতা না করতে পেরেই পরিবারকে আক্রমণ করা হচ্ছে।
ওই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল সিবিআই। সিবিআইয়ের তরফে সুপ্রিম কোর্টে আগেই অভিযোগ করা হয়েছিল, তল্লাশিতে বাধা দিয়েছিল পুলিশ। ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কী অবস্থায় রয়েছে’ সে কথাও আদালতকে জানিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের সওয়ালের পরই সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটিকে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। এ বিষয়ে আদালতের থেকে কী সিবিআই কী পদক্ষেপ চাইছে, তা স্পষ্ট করে জানতে চাওয়া হয়েছিল।
ওই মামলা ফের মাথা তোলা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। বিশেষ করে ফের যখন ভোট আসছে বাংলায়।
(এর আগে যে ছবিটি প্রকাশ করা হয়েছিল, সেটি রুজিরার ছবি নয়। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)