
শেষ আপডেট: 24 April 2023 07:42
দ্য ওয়াল ব্যুরো: নারদ মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্ত চলছে। অতীতে তাঁর রিষড়ার বাড়িতে গিয়ে কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদও করেছিল। আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (High Court)।
বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি বিচারপতি হাইকোর্টে পিটিশন দেন। বিচারপতি রাজাশেখর মান্থা সেই মামলা করার অনুমতি দিয়েছেন। আগামী ২৬ এপ্রিল এই মামলার শুনানি হতে পারে হাইকোর্টে।
কয়েকদিন আগেই তরুণজ্যোতি তিওয়ারি একটি টুইট করেছিলেন। তাতে দেখা গিয়েছিল, অপরূপার সাংসদ প্যাডে শিক্ষক নিয়োগের জন্য নামের তালিকা সুপারিশ করে পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। গ্রু সি-র জন্যও নাকি তালিকা পাঠিয়েছিলেন অপরূপা।
সেই অভিযোগ আর শুধু সোশ্যাল মিডিয়ায় আটকে রইল না। অপরূপার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা হল হাইকোর্টে। প্রসঙ্গত, এই তরুণজ্যোতির মামলাতেই দমকলে নিয়োগ দুর্নীতির তদন্তে তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত তাপসকে সাড়ে চোদ্দ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি।
সম্প্রতি বিভিন্ন ইস্যুতে অপরূপা পোদ্দার টুইটারে বেশ সক্রিয় হয়েছেন। সেসব টুইটে বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোখাচোখা আক্রমণও শানাচ্ছেন তিনি। দেখা যায় তারপরেই অপরূপার সাংসদ প্যাডের সেই তালিকা ফাঁস করেন বিজেপি নেতা। তার সত্য-মিথ্যা দ্য ওয়াল যাচাই করেনি।
নারদ স্টিং অপারেশনে অপরূপাকে দেখা গিয়েছিল। সেই ফুটেজে এও দেখা গিয়েছিল অপরূপা তাঁর এক পরিচারিকাকে বলছেন, ‘বাইরের ঘর থেকে লাল ব্যাগটা নিয়ে আয় তো!’ দেখা যায় ম্যাথু স্যামুয়েলের হাত থেকে সেই টাকা নিয়ে লাল ব্যাগে ঢুকিয়ে রাখছেন অপরূপা। ২০১৪ সালে অপরূপা প্রথম সাংসদ হন আরামবাগ থেকে। উনিশের ভোটে অবশ্য কান ঘেঁষে জিতেছিলেন তিনি। তাঁর ব্যবধান ছিল ১২০০ ভোটের মতো। এখন অপরূপার বিরুদ্ধে হাইকোর্ট কী নির্দেশ দেয় সেটাই দেখার।
তৃণমূলে যেন মার্কিন ককাস, মমতা ২২ জনের নির্বাচন কমিটি গড়ে দিলেন, মাথায় বক্সী!