
শেষ আপডেট: 21 March 2023 06:06
দ্য ওয়াল ব্যুরো: ৮৩ নয়, ২০১৪ সালে টেটে (TET 2014) ৮২ পেয়েছেন এমন প্রার্থীদের উত্তীর্ণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। দীর্ঘদিন পর ২০১৪ সালের টেটে 'সংরক্ষিত' বিভাগে জট কাটল। পর্ষদ জানিয়ে দিল, ৮২ পেয়েছেন যাঁরা তাঁরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
প্রসঙ্গত, পর্ষদের নিয়ম অনুযায়ী ১৫০ নম্বরের মধ্যে ৮৩ পেলেই তবে পাশ হিসেবে ঘোষণা করা হত কোনও প্রার্থীকে। তবে সারা দেশের ক্ষেত্রে নিয়ম, ৮২ পেলেই পাশ। যা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ৮২ নম্বর প্রাপকদেরও উত্তীর্ণ হিসেবে ঘোষণা করতে হবে পর্ষদকে। এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশ করে দেওয়ার সুযোগ দিতে হবে।
তারপরও জট কাটেনি। ২০১৭ সালের টেট পরীক্ষার্থীদের জন্য 'সংরক্ষিত' তালিকায় সেই ব্যবস্থা করা হলেও ২০১৪ সালের চাকরি প্রার্থীরা বঞ্চিত ছিল এতদিন। সোমবার পর্ষদের দেওয়া বিজ্ঞপ্তি প্রকাশের পর তাঁদের মুখে চওড়া হাসি ফুটেছে।
বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছে, ২০১৪ সালের টেট প্রার্থী যাঁরা ৮২ নম্বর পেয়েছেন তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত নিয়োগের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org তে আবেদন জানানো যাবে।
সাগরদিঘির বাইরনের শপথের দিন চূড়ান্ত, দিনক্ষণ জানালেন স্পিকার