দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করে রীতিমতো সংসারী, সেই তারাই রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা হাতাতে বিয়ের পিড়িতে বসছেন, বারবার।
দিন কয়েক আগে মুর্শিদাবাদে এমন অভিযোগ উঠেছিল। এবার ঘটনাস্থল বীরভূম। বিয়ে হয়ে যাওয়ার পরেও রূপশ্রী প্রকল্পের টাকা নিতে ফের ছাদনাতলায় গিয়েছেন সংসারী মহিলা। ৮ জন এমন মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্বয়ং বীরভূমের নলহাটির বিডিও হুমায়ুন চৌধুরী।
অভিযোগকারীর দাবি, যে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁরা প্রত্যেকেই বিবাহিত এমনকি সন্তানের মা। নিজেদের অবিবাহিত বলে দাবি করে সরকারি প্রকল্পের ২৫ হাজার টাকা করে তুলে নিয়েছেন তাঁরা। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে নলহাটি থানার পুলিশ। একাধিক ধারায় অভিযুক্ত মহিলাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে বিয়ে হয়ে যাওয়ার পরেও রূপশ্রী প্রকল্পের এক থোক টাকার লোভে ফের ঘটা করে বিয়ের পিড়িতে বসেছেন ওই ৮ মহিলা। তাঁদের নাম মোমেনা খাতুন, রুবেনা খাতুন, হাসেনা খাতুন, লাসুনিয়া খাতুন, মুরসিদা খাতুন, গৌরি মাল, আশা মাল এবং সম্প্রীতি দাস। প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প শুধু রাজ্যেই নয়, আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। এই প্রকল্পে ১৮ বছরের ঊর্ধ্বে অবিবাহিত মেয়েরা লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সরকার থেকে টাকা পায়। ১৮ বছরের আগেও বার্ষিক টাকা দেওয়া হয়। এই প্রকল্পের পাশাপাশি রূপশ্রী প্রকল্প মেয়েদের বিয়ে দিতে সাহায্য করে। পড়াশোনার পর বিয়ে যারা করতে চায়, সেই আর্থিক সঙ্গতিহীন মেয়েদের বিয়ের জন্য ২৫ হাজার টাকা করে দেয় দেয় পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সরকারি প্রকল্প নিয়ে এমন ভুয়ো কারবার নিঃসন্দেহে মহৎ উদ্দেশ্যকে কলুষিত করছে।