
শেষ আপডেট: 12 April 2023 08:30
দ্য ওয়াল ব্যুরো: একুশের ভোটের সময় কোচবিহারের শীতলকুচিতে গুলি কাণ্ডে (Sitalkuchi case) জামিন হল ছ'জন সিআইএসএফ জওয়ানের (6 CISF jawans)। বুধবার তাঁদের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সূত্রের খবর, সেদিনের গুলি চালানোর ঘটনায় সিআইএসএফ জওয়ানদের জড়িত থাকার প্রমাণ না মেলায় তাঁদের আগাম জামিন (anticipatory bail) দেওয়া হয়েছে বলে খবর।
২০২১ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন ভোটগ্রহণের সময়ে উত্তপ্ত হয়ে উঠেছিল শীতলকুচির জোড়পাটকি ১২৬ নম্বর বুথ। অভিযোগ, সেখানে সিআইএসএফ পরিস্থিতি সামাল দিতে গুলি চালিয়েছিল। সেই ঘটনাতেই ৬ জন সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে সমন জারি করে কোচবিহার আদালত। এরপর তাঁরা আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।
গত প্রায় দু'বছরে শীতলকুচি কাণ্ড নিয়ে বহু বিতর্ক হয়েছে। রাজ্যের শাসকদল এবং স্থানীয়দের দাবি ছিল, ভোটের দিন গন্ডগোলের ঘটনায় অতি সক্রিয়তা দেখিয়েছিল সিআইএসএফ। গুলি চালনার মতো তেমন কিছুই ঘটেনি। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী এ বিষয়ে বলে, তাঁদের উপরে হামলা চালিয়েছিল উন্মত্ত জনতা। তাই আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়েছিল।
এরপর ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। গুলি চালানোর ঘটনায় আগেই কোচবিহারের এসপি, মাথাভাঙার আইসিকে জেরা করেছিল সিআইডি। এর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তিনবার ওই ছ'জনকে ডেকে পাঠানো হয়। যদিও একবারও তাঁরা সিআইডির জেরার সম্মুখীন হননি। এরপরই ৬ জওয়ান আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার অবশেষে তাঁদের জামিন মঞ্জুর হয়।
শেক্সপিয়র সরণির বহুতলে দুর্ঘটনা! লিফট ছিঁড়ে মৃত্যু লিফটম্যানের