
শেষ আপডেট: 1 October 2023 13:53
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জন্মদিনের অনুষ্ঠানে মাছের কালিয়া, কষা মাংস সহ আরও অনেক পদের এলাহি আয়োজন করা হয়েছিল। চেটেপুটে খেয়েছিলেন আমন্ত্রিতরা। কিন্তু বিপদ ঘটল কিছু পড়ে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ৫০ জন। এই ঘটনা ঘটেছে ধূপগুড়ির কাজিরহাটে। অসুস্থদের কয়েকজন ছেড়ে দেওয়া হলেও ধূপগুড়ি স্টেট জেনারেল হাসপাতালে এখনও ভর্তি রয়েছেন ১৭ জন।
শনিবার কাজিরহাট এলাকার বাসিন্দা অমল রায়ের মেয়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে গ্রামের সকলেই আমন্ত্রিত ছিল। এলাহি ভোজের আয়োজন করেছিলেন তিনি। আমন্ত্রিতরা সকলে পেট ভরে খাওয়ায় দাওয়া করেন। কিন্তু রাত থেকেই একের পর এক আমন্ত্রিত অসুস্থ হতে শুরু করেন। গা গুলিয়ে বমি হতে শুরু করে তাঁদের। সঙ্গে পেট ব্যথা, মাথা ঘোরাও শুরু হয় কয়েকজনের।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
অসুস্থদের অনুমান, মাংস খেয়েই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। কারণ যাঁরা শুধু মাছ খেয়েছিলেন তাঁদের কারও কোনও শারীরিক সমস্যা হয়নি।
রাত থেকে ধূপগুড়ি হাসপাতাল ভিড় জমতে থাকে অসুস্থদের। তাদের প্রয়োজন মতো চিকিৎসা শুরু হয়। রবিবার ভোর পর্যন্ত প্রায় পঞ্চাশ জন অসুস্থ একই সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। পরে বেশ কয়েকজনকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পর্যন্ত কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও এখনও ধূপগুড়ি হাসপাতালে ১৭ জন ভর্তি রয়েছেন। তবে বীরপাড়ায় স্টেট জেনারেল হাসপাতাল কজন ভর্তি রয়েছেন সে বিষয় কিছু জানা যায়নি।
রবিবারই একটি বিশেষ মেডিক্যাল টিমকে এলাকায় পাঠানো হয়েছে। এলাকার বাসিন্দাদের তাঁরা পরীক্ষা করছেন। কয়েকজন অসুস্থের বাড়িতেও চিকিৎসা চলছে। চিকিৎসকদের অনুমান খাবারে বিষক্রিয়ার ফলে এই ঘটনা ঘটেছে। কী খেয়ে এই ঘটনা ঘটল তাঁরা এখন পর্যন্ত নিশ্চিত করে জানতে পারেননি। পরিস্থিতির দিকে নজর রাখছে ব্লক স্বাস্থ্য দফতর।