পূর্ব বর্ধমানে তুমুল বজ্রপাত, একই দিনে জেলায় মৃত পাঁচ, আহত অনেকে
দ্য ওয়াল ব্যুরো: সোমবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বজ্রপাতে মৃত্যু হল পাঁচ জনের। আহত হয়েছেন অনেকে। জানা গিয়েছে, জেলার শুধু গলসিতেই তিনটি পৃথক জায়গায় বাজ পড়ে তিন জনের মৃত্যু হয়। আহত হয়েছেন দু'জন। মৃতরা হলেন আমেরুল খলিফা, মসলেম চৌধুর
শেষ আপডেট: 26 July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: সোমবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বজ্রপাতে মৃত্যু হল পাঁচ জনের। আহত হয়েছেন অনেকে। জানা গিয়েছে, জেলার শুধু গলসিতেই তিনটি পৃথক জায়গায় বাজ পড়ে তিন জনের মৃত্যু হয়। আহত হয়েছেন দু'জন। মৃতরা হলেন আমেরুল খলিফা, মসলেম চৌধুরি ও বাবলু মেটে।
মৃত আমেরুল খলিফার বাড়ি বীরভূম জেলায়। ধান রোপনের কাজে তিনি গলসির বাহিরঘন্যা গ্রামে এসেছিলেন। মসলেম চৌধুরীর বাড়ি গলসির বাবলা গ্রামে। আর বাবলু মেটের বাড়ি অনুরাগপুরে। দেহগুলি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে পাঠিয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন
রবিবার দুপুরের পর থেকেই গলসি এলাকাজুড়ে প্রবল বর্ষণের সঙ্গে বজ্রপাত শুরু হয়। সেই সময় মৃত ও আহতরা সকলেই মাঠে ধান রোপনের কাজ করছিলেন। অন্য দিকে, এই জেলাতেই খণ্ডঘোষে এদিন বজ্রাঘাতে মৃত্যু হয় এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম সীমা বাগ (৪৫)। দু'জন গুরুতর আহত হন। এদিন দুপুরে বাজ পড়ে খণ্ডঘোষ ব্লকের দুবরাজহাট গ্রামে। এদিন দুপুর থেকে একটানা মুষলধারায় বৃষ্টি শুরু হয়। সঙ্গে বজ্রপাত। সীমা বাগ-সহ তাঁর পরিবারের কয়েকজন সদস্য একই সঙ্গে মাঠে চাষের কাজে যান। সেই সময়ে বজ্রাঘাতে মৃত্যু হয় সীমা বাগের। এখানেও হতাহতরা সকলেই চাষের মাঠে কাজ করছিলেন। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গলসি ও খণ্ডঘোষের পাশাপাশি এদিন দুপুরে জেলার দেওয়ানদিঘি থানার তালিত গ্রামে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়। জানা গিয়েছে, পুকুরে মাছ ধরার সময়ে বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর।