দ্য ওয়াল ব্যুরো: কানের দুল খুলে নিয়ে সাড়ে চার বছরের ছোট্ট শিশুকন্যাকে খুন করে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী দুই গৃহবধূর বিরুদ্ধে! মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানা এলাকার দেবগ্রামের এই ঘটনায় সিঁটিয়ে উঠেছেন সকলে। আরমিনা খাতুন নামের ওই শিশুকে খুনের অভিযোগে নাসিমা বিবি ও সাইনুর বিবি নামের দুই মহিলাকে গ্রেফতার করেছে খড়গ্রাম থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে বাড়ির কাছেই খেলতে গিয়েছিল আরমিনা। সন্ধের পরেও সে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। হদিস না মেলায় জানানো হয় পুলিশকে। তদন্ত শুরু করে পুলিশ। জাল ফেলা হয় পুকুরেও। গ্রামের মসজিদের মাইক থেকেও প্রচার করা হয়। রাত পর্যন্ত কোনও খোঁজ মেলেনি তার।
শেষ পর্যন্ত গভীর রাতে প্রতিবেশী নাসিমা বিবির বাড়ির পিছনের একটি ঝোপের আড়ালে মাদুর দিয়ে জড়ানো অবস্থায় আরমিনার দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা! খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে দেহ। কিছু পরে আরমিনার পরিবারের লোকজনই আবিষ্কার করেন, তাঁদের মেয়ের কানের দুল দু'টি খোয়া গেছে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ। শুরু হয় প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ।
এই সময়েই প্রতিবেশী গৃহবধূ সাইনুরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সন্দেহ হয় পুলিশের। পুলিশ জানিয়েছে, অসংলগ্ন কথাবার্তা বলছিল সে। শুরু হয় তার ঘরের তল্লাশিও। ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় রক্ত। চাপের মুখে দুল চুরি ও খুনের কথা স্বীকার করে সে। তার কথায় উঠে আসে নাসিমা বিবির নামও।
বুধবার সকালে সাইনুর ও নাসিমাকে গ্রেফতার করা হয়। শুধু দুলের জন্যই কি এত বড় খুনের কাণ্ড ঘটিয়েছে ওই দু'জন, নাকি অন্য কোনও প্রতিহিংসা ছিল এই ঘটনার পেছনে, তদন্ত করে দেখছে পুলিশ। শোকের ছায়া নেমে এসেছে মৃত আরমিনার পরিবারে। তার দেহ কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য।