
শেষ আপডেট: 10 March 2023 18:49
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: হনুমানের (monkey) দাপটে বেজায় সমস্যায় বীরভূমের (Birbhum) তিন গ্রামের বাসিন্দারা। জানা গেছে, হনুমানের কামড়ে বীরভূমের পণ্ডিতপুর, হালসত ও দৌলতপুর গ্রামের একাধিক মানুষ আক্রান্ত (attack) হয়েছেন। গ্রামজুড়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে একদল হনুমান। প্রাপ্তবয়স্ক পুরুষ হনুমানের এলাকা দখলের লড়াইয়ের জেরেই এমন ঘটনা ঘটছে বলে দাবি বনকর্মীদের। সেই বন্যপ্রাণীদের বাগে আনতে কার্যত হিমশিম খাচ্ছেন বন দফতরের কর্মীরাও।
এলাকাবাসীদের দাবি, গত তিনদিন ধরে কেউ সেভাবে বাড়ি থেকে বেরোতে পারছেন না। ইতিমধ্যে চার হনুমানের কামড়ে ১২ জন আক্রান্ত হয়েছেন। বাচ্চাদের এই আক্রমণ থেকে বাঁচাতে গ্রামের স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও বন্ধ রাখা হয়েছিল। বন দফতরের কর্মীরাও এই চারটি হনুমানকে কিছুতেই ধরতে পারছেন না। এই হনুমান ধরতে বর্ধমান রেঞ্জ থেকে আনা হয় একজন শুটারও। কিন্তু মাঝে তিনদিন পেরিয়ে গেলেও এখনও সেই হনুমানগুলি বশে আসেনি।

পণ্ডিতপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরিন্দম চট্টোপাধ্যায় জানান, "এই গ্রামে হনুমানের কামড়ে অনেকেই আহত হয়েছেন। তাই শিশুদের সুরক্ষার স্বার্থে বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। গ্রামবাসীরাও সেটাই চাইছেন। কেউই হনুমানের আতঙ্কে বাচ্চাদের বাইরে বের করতে চাইছে না।" অবিলম্বে পর্যাপ্ত বনকর্মী পাঠিয়ে হনুমানগুলিকে ধরার ব্যবস্থা করা হোক, আপাতত এমনটাই চাইছেন তিন গ্রামের সাধারণ মানুষ।
এই হনুমান তাণ্ডবের স্বীকার করে নিয়েছেন বন দফতরের বীরভূম ডিভিশনের এডিএফও শ্রীকান্ত ঘোষ। তিনি বলেন, "ওই গ্রামে চল্লিশটি হনুমানের একটি দল ঢুকেছে। তাদের মধ্যে চারটি প্রাপ্তবয়স্ক পুরুষ হনুমান রয়েছে। এরাই একে অপরের সঙ্গে ক্ষমতা দখলের লড়াই চালাচ্ছে। আর সেই লড়াইয়ের মাঝে পড়ে আক্রান্ত হচ্ছেন গ্রামবাসীরা। আমরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি। খুব তাড়াতাড়ি হনুমানগুলি ধরা পড়বে।"