দ্য ওয়াল ব্যুরো: বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট আক্রান্ত হয়েছেন ২৯ জন। মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি উল্লেখ করেন, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই হাওড়া, কলকাতা ও দুই চব্বিশ পরগনার বাসিন্দা। এ ছাড়াও পশ্চিম বর্ধমান, হুগলি এবং নদিয়া রয়েছে সংক্রমিত এলাকার তালিকায়।
রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়াল ২৪৫ থেকে ২৭৪ জন জন। গত ২৪ ঘণ্টায় আর নতুন করে কেউ সুস্থ হয়ে ছাড়া পাননি, ফলে রাজ্যে মোট সুস্থ হওয়ার সংখ্যা রয়েছে ৭৩-এই।
পাশাপাশি রাজীব সিনহা এ-ও জানান, পূর্ব মেদিনীপুর জেলা আবার রেড জোন হয়ে গেছে। পরশু অর্থাৎ ১৯ তারিখই ফের সেখান থেকে করোনা পজিটিভ কেস এসেছে। এই অবস্থায় আবার এই জেলাকে অরেঞ্জ জোনে ফিরতে আরও ১৪ দিন অপেক্ষা করতে হবে।
বাংলায় এই মুহূর্তে চারটি জেলা (কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা) রেড জ়োন, ১০টি জেলা অরেঞ্জ জ়োন এবং ন'টি জেলা গ্রিন জ়োনের অন্তর্ভুক্ত বলে জানান রাজীব সিনহা।
মুখ্যসচিব বৈঠকে আরও জানান, এ পর্যন্ত রাজ্যে মোট ৬১৮২টি স্যাম্পেল টেস্ট হয়েছে। বাংলার ন’টি জেলায় এখনও কোনও সংক্রমণের খবর নেই বলেই দাবি তাঁর। তিনি উল্লেখ করেন, এখন সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আছেন ৫ হাজার ১৬ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৩ হাজার ৩০৫ জন। ১৬৪০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে কোয়ারেন্টাইন থেকে।
রাজীব সিনহা উল্লেখ করেন, ২২০টি ব়্যাপিড টেস্ট হয়েছে। কাল আরও বাড়বে সংখ্যাটা। মালদাতেও পুরোদমে কাজ হচ্ছে করোনা রুখতে। ৭৪টি কেস টেস্ট করা হয়েছে। সব নেগেটিভ। তিনি দাবি করেন, এ পর্যন্ত রাজ্যের স্বাস্থ্যকর্মীদের মোট পিপিই দেওয়া হয়েছে ৪ লক্ষেরও বেশি। রাজ্যে করোনা পরীক্ষার জন্য আরও দু’টি নতুন ল্যাব খোলা হয়েছে বলেও জানান তিনি।