
শেষ আপডেট: 12 February 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: মাটি চাপা পড়ে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ উত্তর দিনাজপুরের চোপড়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিএসএফের উদ্যোগে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ড্রেন খোঁড়ার কাজ চলছে। সোমবার সকালে জেসিবি দিয়ে চলছিল খোঁড়াখুঁড়ি। গ্রামের কচিকাঁচারা সেখানে খেলছিল। তখনই কাটা মাটির উঁচু ঢিবি ধসে শিশুদের ঘাড়ে পড়ে যায়। বেশ কয়েকজন শিশু মাটির নীচে চাপা পড়ে যায়।
বিএসএফ জওয়ানরা ৪জন শিশুকে উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানেই চার শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়দের দাবি, আরও দুজন শিশু মাটির নীচে চাপা পড়ে থাকতে পারে। উদ্ধার কাজ চালাচ্ছে বিএসএফ। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানিয়েছেন, বিএসএফ সীমান্ত রক্ষার সুবিধার্থে এই ড্রেন কাটছে। কিন্তু এর কারণে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। তবে এটি তদন্ত সাপেক্ষ। পুলিশের সঙ্গে সঙ্গে বিএসএফও বিভাগীয় তদন্ত করবে। এতে মৃত শিশুদের পরিবার ন্যায় পাবে বলে আশাবাদী পঞ্চায়েত।