দ্য ওয়াল ব্যুরো: চার সন্দেহভাজন বাংলাদেশি ছাত্রকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার বাদুরিয়া থানার পুলিশ।
বছর দেড়েক আগে বৈধ ভাবেই বাংলাদেশের সাতক্ষীরা থেকে এ দেশে এসেছিলেন এই চার ছাত্র। কিন্তু অভিযোগ উত্তরপ্রদেশের একটি কলেজে ভারতীয় নাগরিকের পরিচয়ে ভর্তি হন তারা। জমা দেন ভুয়ো রেশন কার্ড এবং ভোটার কার্ডও। তাদের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে যায় মাস ছয়েক আগে।
গত সোমবার তারা উত্তরপ্রদেশ থেকে বাড়ি যাবে বলে রওনা হন। বৃহস্পতিবার গভীর রাতে বাদুরিয়া থানার চণ্ডীপুরের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায় এই চার ছাত্রকে। তাদের দেখে সন্দেহ হয় টহলরত পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তাদের নিয়ে যাওয়া হয় বাদুরিয়া থানায়।
জেরা করে পুলিশ জানতে পারে মেয়াদ শেষ হওয়া পাসপোর্ট নিয়েই বাংলাদেশ যাওয়ার ছক কষছিলেন এই চারজন। তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র না থাকায় এই চারজনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।