
শেষ আপডেট: 25 July 2023 06:21
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: স্কুলের ইতিউতি ঘুরে বেড়াচ্ছিল বিষাক্ত গোখরো সাপের ছানারা। কয়েক ঘণ্টার চেষ্টায় গোখরো সাপের ৩০ টি ছানাকে উদ্ধার করল (30 snake babies found) পরিবেশকর্মীরা। তবে এখনও খোঁজ পাওয়া যায়নি মা, বাবার। আর এতেই আতঙ্কে অস্থির স্কুল কর্তৃপক্ষ (Jalpaiguri school)।
গত কয়েকদিন ধরে জলপাইগুড়ির মাড়োয়ারি বালিকা বিদ্যালয়ে সাপের ছানার দেখা মিলছিল। সোমবার বিকেলের দিকে স্কুলে দেখা যায় গোখরো সাপের খোলস পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়িকে। স্কুলে চলে আসেন গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস। এরপর তিনি স্কুলের বিভিন্ন জায়গা থেকে ২০ টি গোখরো সাপের ছানাকে উদ্ধার করে চলে যান।

পরিবেশ কর্মী অঙ্কুর দাস বলেন, “সাপের খোলস দেখে মনে হচ্ছে এটি পূর্ণ বয়স্ক গোখরো সাপ। এরা একসঙ্গে অনেক ডিম পাড়ে। ৩০ টির বেশি ছানা ফোটাতে পারে। আমরা আজ দু দফায় মোট ৩০ টি সাপের ছানা উদ্ধার করলাম। আরও সাপের ছানা থাকতে পারে। বড় সাপগুলিও এখানে থাকতে পারে। তাই স্কুলে আরও ভালো করে তল্লাশি চালানো দরকার।”
আরও পড়ুন: মলয় ফের ইডি-র হাজিরা এড়ালেন, এবার কী কারণ দেখালেন রাজ্যের মন্ত্রী