
শেষ আপডেট: 23 February 2023 17:58
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হাতির পর এবার বাঁদর (Monkeys)! জলপাইগুড়িতে (Jalpaiguri) বন্যপ্রাণীর তাণ্ডব চলছেই। মাধ্যমিক পরীক্ষার প্রথমদিনে একদল বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠল বানারহাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা। শুধু তাই নয়, তাদের তাড়া গিয়ে হিমশিম খেতে হল স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শিক্ষাকর্মী সকলকে!
ব্যাপারটা কী?
বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। তাই অন্যান্য পরীক্ষাকেন্দ্রের মতো বানারহাট উচ্চ বিদ্যালয়েও প্রস্তুতি নেওয়া শুরু হয় সকাল থেকেই। কিন্তু পৌনে এগারোটা নাগাদ আচমকাই স্কুলের মধ্যে ঢুকে পড়ে একদল বাঁদর।
স্কুলজুড়ে শুরু হয় তাদের তাণ্ডব। এক ঘর থেকে অন্য ঘর দাপিয়ে বেড়াতে থাকে তারা। বেঞ্চে লাগানো রোল নম্বর একে একে ছিঁড়ে ফেলে। ঘরময় মলত্যাগ ও প্রস্রাব করে বলেও অভিযোগ স্কুল কর্তৃপক্ষের।
এখানেই থেমে যায়নি বাঁদরের দল। প্রত্যক্ষদর্শীদের কথায়, চেয়ার-টেবিল ভাঙতে শুরু করে। এমনকী বিদ্যুতের তার ছিঁড়ে দেয়। কেউ তাড়াতে গেলেই তাঁর দিকে তেড়ে আসে বাঁদরগুলি।
এভাবেই ঘণ্টাখানেকের ওপর স্কুলে তাণ্ডব চালায় তারা। পরে পুলিশ ও বনকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন। পটকা ফাটিয়ে, রকেট ছুড়ে বাঁদরের দলকে ভয় দেখিয়ে স্কুলছাড়া করেন বনকর্মীরা।
বাঁদরগুলি স্কুল ছেড়ে পালালে শান্তি পান স্কুল কর্তৃপক্ষ। হাঁফ ছেড়ে বাঁচেন পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিক ও শিক্ষকরা। তবে দিনভরই স্কুলের মধ্যে ছিল আতঙ্কের পরিবেশ। বাঁদরের দল ফের ফিরে এসে হামলা করতে পারে সেই আশঙ্কায় স্কুলের বাইরে পাহারায় ছিলেন বনকর্মীরা।
স্কুলের প্রধান শিক্ষক সুকল্যাণ ভট্টাচার্য বলেন, 'বেলা ১২টা থেকে পরীক্ষা ছিল। তার আগে আচমকাই স্কুলে এসে যায় প্রায় ৩০টি বাঁদর। প্রায় ১০০ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট নং ছিড়ে দেয়। মল, মুত্র ত্যাগ করে ঘরগুলি নোংরা করে দেয়।' বাঁদরের আতঙ্কে আগামীকালও স্কুলের বাইরে পাহারায় থাকবেন বনকর্মীরা।