দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ : দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তাঁরা। সে সময় মোটরবাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই ব্যবসায়ীর কাছ থেকে ৮ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। সুতি থানার আহিরণ সেতুর কাছে রবিবার রাতে এই ঘটনায় আতঙ্কিত এলাকার অন্য ব্যবসায়ীরা।
পুলিশ জানিয়েছে, সুতির নয়া বাহাদুরপুরের বাসিন্দা সাহিম শেখ ও নাকিবুল শেখ। তাঁরা দু’জনেই ডিম ব্যবসায়ী। এ দিন রাতে মোটরবাইকে করে রঘুনাথগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিল ৮ লক্ষ টাকা। আহিরণ সেতুর কাছে গাড়িতে করে আসা তিন দুষ্কৃতী তাদের মোটরবাইক থামিয়ে ৮ লক্ষ টাকাই ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সাহিম শেখ বলেন, ‘‘সেতুর কাছে আচমকাই পিছন থেকে এসে একটি গাড়ি আমাদের মোটরবাইকে ধাক্কা মারে। রাস্তার ধারের জঙ্গলে ছিটকে পড়ি আমরা। তখন গাড়ি থেকে নেমে তিনজন আমাদের মারধর শুরু করে। এরপর জোর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গাড়িতে উঠে পালিয়ে যায়।’’
ওই দুই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে আসেন। তাঁরাই দুজনকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।