দ্য ওয়াল ব্যুরো, মালদা: বোর্ড গঠনকে ঘিরে রক্তাক্ত হল মানিকচক গ্রাম পঞ্চায়েত। দুষ্কৃতীদের ছোড়া গুলি লাগল তিন বছরের শিশুর মাথায়। ঘটনা ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত গোটা এলাকা।
গতকাল, বুধবার ছিল মানিকচক গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। তৃণমূলকে হারিয়ে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। তবে, বিজেপির অভিযোগ ক্রস ভোটের সময় তাদের একটি ভোট কমে যায়। স্থানীয় বিজেপি সমর্থকদের দাবি তাদেরই এক প্রার্থী পুতুল মণ্ডল সমর্থন করে তৃণমূলকে।
আজ, বৃহস্পতিবার সকালে পুতুলের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে হুমকি, পরে গুলি চালাতে শুরু করে দেয় আততায়ীরা। পুতুলকে লক্ষ্য করে ছোড়া গুলি গিয়ে লাগে তাঁর তিন বছরের ছেলের মাথায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হচ্ছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুতুলদেবীর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে তাঁর বাড়িতে। তাদের ছোড়া গুলিতেই জখম হয়েছে তাঁর ছেলে। তবে, ঘটনার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।