দ্য ওয়াল ব্যুরো: জমি বাড়ি নিয়ে বিবাদের জেরে সোমবার সাত সকালে খুন হলেন চণ্ডীতলার নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ (৪৫), তাঁর স্ত্রী মিতালী ঘোষ (৩৬) ও তাদের মেয়ে শিল্পা ঘোষ (১১)। সঞ্জয়বাবুর জ্যাঠতুতো দাদা শ্রীকান্ত ও তপনের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই বেপাত্তা শ্রীকান্ত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চণ্ডীতলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্ত তপন ঘোষকে আটক করা হয়েছে।
সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই যে এই নৃশংস হত্যাকাণ্ড তা জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিশেরও প্রাথমিক অনুমান সেই পথেই। ঘটনাস্থলে পৌঁছেছেন উচ্চপদস্থ পুলিশকর্তারা। খুনের মোটিফ সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন তাঁরা। মূল অভিযুক্তের খোঁজেও চলছে লাগাতার তল্লাশি।
২ অক্টোবর সিঙ্গুরের নান্দায় ব্যবসায়িক কারণে একই পরিবারের চারজনকে কুপিয়ে খুন করে তাদেরই এক আত্মীয়। এখন অভিযুক্ত ফেরার। প্যাটেল পরিবারের হত্যাকাণ্ডে শোরগোল পড়ে যায় গোটা জেলায়। তার রেশ কাটতে না কাটতেই চণ্ডীতলায় নৃশংস খুন। এবারও স্বজনদের দিকেই অভিযোগের আঙুল উঠল।