দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার : মোটর সাইকেলে করে জঙ্গল চেরা পিচঢালা পথ ধরে স্কুলে যাওয়ার পথে বাইসনের হামলায় গুরুতর জখম হলেন এক শিক্ষক সহ দুজন। বুধবার সকাল সোয়া দশটা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত রাজাভাতখাওয়া-কালচিনি রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। বাইসনের হামলায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
আলিপুরদুয়ার বাবুপাড়ার বাসিন্দা বছর ৪৬ এর অরিন্দম মজুমদার হ্যামিল্টনগঞ্জ হাইস্কুলের প্রধানশিক্ষক। প্রতিদিন জঙ্গলের পথে প্রায় ৩০ কিলোমিটার বাইক চালিয়ে স্কুলে যাতায়াত করেন তিনি। বুধবারও বাইক চালিয়ে স্কুলে যাচ্ছিলেন। সঙ্গী ছিলেন আলিপুরদুয়ার জংশনের বাসিন্দা অভিজিৎ কুমার ঘোষ। কালচিনি স্কুল পরিদর্শক অফিসে কর্মরত তিনি। আজ রাজাভাতখাওয়া ছাড়িয়ে ডিমা নদীর ব্রিজে ওঠার সময় আচমকাই জঙ্গল ফুঁড়ে একটি বাইসন বেরিয়ে এসে তাদের মোটরবাইকে সজোরে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন দুজন। কিছুক্ষণ পরে একই রাস্তা ধরে স্কুলে যাচ্ছিলেন অরিন্দমবাবুর সহকর্মী আলিপুরদুয়ারের বাসিন্দা সুব্রত মৈত্র। সুব্রতবাবাবুই রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে কোনোক্রমে নিয়ে আসেন আলিপুরদুয়ার রেল হাসপাতালে।
ডাক্তাররা জানিয়েছেন, বাইসনের হামলায় , অরিন্দমবাবু তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলটি খুইয়েছেন। অন্যদিকে অভিজিৎবাবুর পায়ের চোট গুরুতর। আপাতত দুজনকেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।