দ্য ওয়াল ব্যুরো: শীতের রাতে ভয়াবহ আগুন লাগল শিয়ালদা শাখার সন্তোষপুর স্টেশন লাগোয়া ঝুপড়িতে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বস্তি এলাকাতেই। ভস্মীভূত হয়ে যায় ঝুপড়ির অধিকাংশ ঘর। আগুনের গ্রাসে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে স্টেশন চত্বরের প্রায় ২০টি দোকান। দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে।
শনিবার রাত সোয়া ৯টা নাগাদ সন্তোষপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি দোকানে। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় ১০-১২টি অস্থায়ী দোকান। আগুন ছড়িয়ে পড়ে স্টেশন লাগোয়া ঝুপড়ি এলাকাতেও। পুড়ে যায় ঝুপড়ির বেশিরভাগ ঘর। ঘর ছাড়া হন বহু মানুষ।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। দমকল সূত্রে খবর, পৌনে দশটা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। কী ভাবে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন দমকলকর্মীরা।
এ দিকে আগুন লাগার ফলে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। রেল সূত্রে খবর, আগুনের শিখা এতটাই ভয়াবহ ছিল যে সন্তোষপুর-মাঝেরহাট স্টেশনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আপ ট্রেন আক্রা স্টেশন পর্যন্ত এসে দাঁড়িয়ে যায়। অন্য দিকে ডাউন ট্রেন লেক গার্ডেন্স অবধি চালানো হয়।