দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং : বিনয়পন্থীদের সঙ্গ ছেড়ে অনাস্থা আনল দার্জিলিং পুরসভার ১৮জন কাউন্সিলর। ফলে অনিশ্চিত হয়ে পড়ল ৩২ আসনের দার্জিলিং পুরসভার বর্তমান বোর্ডের ভবিষ্যত।
২০১৭ সালের মে মাসে ভোটের ফলে পুরসভার ৩২ টা আসনের মধ্যে ৩১টাই দখল করেছিলেন গুরুঙপন্থী কাউন্সিলররা। একটা আসন দখল করে তৃণমূল। পরে ওই তৃণমূল কাউন্সিলরও মোর্চায় যোগ দেন। জুন মাস থেকে পৃথক রাজ্যের দাবিতে বিমল গুরুঙের নেতৃত্বে আন্দোলনে তেতে ওঠে পাহাড়। বিমল গুরুঙের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাতলেবাসে গুলিতে মৃত্যু হয় রাজ্য পুলিশের আধিকারিক অমিতাভ মালিকের। তারপর থেকেই পাহাড়ছাড়া বিমল গুরুঙ, রোশন গিরিরা। রাজ্য সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এরপর থেকেই মোর্চার রাশ বিনয় তামাং এর হাতে। স্বভাবতই দার্জিলিং পুরসভাতেও নেতৃত্বের রাশ চলে যায় বিনয়ের হাতেই।
এত দিন বিনয় তামাং পুরসভাতেও কর্তৃত্ব বজায় রাখলেও পরিস্থিতি বদলাতে শুরু করে লোকসভা ভোটের পর। দার্জিলিং লোকসভায় তৃণমূলের প্রার্থী অমর সিং রাইকে সমর্থন জানান বিনয়পন্থী মোর্চা নেতৃত্ব। অন্যদিকে বিজেপি প্রার্থী রাজু বিস্তকে সমর্থন জানায় গুরুঙপন্থীরা। আদালতে আগাম জামিন নিয়ে ভোটের মুখে পাহাড়ে ফেরারও চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু সমর্থ হননি। লোকসভায় বিপুল ভোটে জয়ী হন রাজু বিস্ত। এরপরেই আজ দার্জিলিং পুরসভার ১৮ জন কাউন্সিলর পুরপ্রধান প্রতিভা রাইকে চিঠি দিয়ে জানান, বিনয়পন্থী এই বোর্ডের উপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন তাঁরা। দ্রুত বৈঠক ডাকার জন্য পুরপ্রধানকে আবেদনও জানিয়েছেন তাঁরা।
১৮ কাউন্সিলরের এই অনাস্থায় যখন পুরসভা চত্বর সরগরম তখন, বি পি বাজগেন নামে গুরুঙপন্থী এক নেতাকে আজ পুরসভা চত্বর থেকেই গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় পুরসভা প্রাঙ্গনে। পরে আরও পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।