
শেষ আপডেট: 28 December 2018 10:49
আফ্রিকার জঙ্গলে নাকি এমন কিছু গাছ রয়েছে যা মানুষকেও গিলে নেয়। তবে গল্প উপন্যাসে তার উল্লেখ থাকলেও বাস্তবে এর প্রমাণ মেলেনি। তবে কিছু রাক্ষুসে গাছ যে অন্য বড় বড় গাছকেও গ্রাস করে তার প্রমাণ রয়েছে উদ্ভিদ জগতে। বনাঞ্চলে এমন ঘটনা অহরহই ঘটে, কিন্তু যেখানে বৃক্ষ সংরক্ষণ করা হয় সেখানে এটা খুবই উদ্বেগের বিষয়, জানাচ্ছেন শিবপুরের আচার্য্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ।
এখানকার বিজ্ঞানী, ডক্টর বসন্ত সিংহ জানান, ২০১৪ -১৫ সালে উদ্যানের রেকর্ড ঘাঁটতে গিয়ে তাঁদের নজরে আসে সংরক্ষণের আওতায় থাকা ১৬২ টি গাছের আর কোনও অস্তিত্ব নেই। এরমধ্যে রয়েছে একটি প্রাচীন রুদ্রাক্ষ গাছও। তারপর কেস স্টাডি করতে গিয়ে জানতে পারেন, এই ১৬২টি গাছই রাক্ষুসে গাছ অর্থাৎ বিজ্ঞানের ভাষায় মোরাসি পরিবারের সাতটি গাছের শিকার হয়েছে। এই সাতটি গাছের মধ্যে রয়েছে বট ও অশ্বথ গাছও। তাঁর কথায়, ‘‘বি গার্ডেন এর গ্রেট ব্যানিয়ন ট্রি একটি খেজুর গাছের ওপর জন্মেছিল। তারপর সেই গাছকে শিকড় ও ঝুরি দিয়ে বেঁধে মেরে ফেলে। এ রকম কেস স্টাডি করতে গিয়ে দেখা যায়, বাগানের ১৬২ টি গাছ মোরাসি জাতীয় গাছের শিকার। অনেক গাছ মারা গিয়েছে অনেকগুলো আর মৃত্যুর কবলে।’’
বি গার্ডেনের যুগ্ম অধিকর্তা ডক্টর ওমর শরিফের বক্তব্য, এটা আটকানো সম্ভব যদি প্রথমেই নজরে আসে। মোরাসি জাতীয় গাছের জন্ম হয় অন্য গাছের উপর। এরপর চারা গাছটি আস্তে আস্তে ওই গাছটিকে ঝুরি দিয়ে জড়িয়ে ফেলে। এরপর সাইলেন্ট কিলারের মতো গাছটিকে মেরে ফেলে। তিনি বলেন, ‘‘এই মোরাসি পরিবারের বিভিন্ন গাছের শিকড় ঝুড়ি বড় হবার আগেই চারা গাছটি সরিয়ে ফেলতে হবে না হলেই বিপদ। তাই সমস্ত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে,যাতে নতুন করে আর গাছের মৃত্যু না হয়। কারণ এখানে সংরক্ষণের উপযোগী বহু প্রাচীন গাছ রয়েছে, বেশ কিছু নষ্ট হয়েছে। বাকিদের রক্ষা করতেই হবে। ’’
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/31-10-2018-distnews-mangrove-forest-at-howrah/