দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : ভোরের আলো ফুটতেই ঘরের ছাগল মাঠে দিয়ে এসেছিলেন পাথরপ্রতিমার কৃষ্ণদাসপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ মাইতি। নদীর চরে ঘাসের জঙ্গল। প্রতিদিন সেখানেই চরে বেড়ায় তাঁর পোষ্য।
বুধবার ঘরে ফিরতে না ফিরতেই ছাগলের পরিত্রাহী চিৎকার শুনে ফের তিনি ছুটে যান নদীর ধারে। গিয়ে যা দেখলেন তাতে হাড় হিম হয়ে যায় তাঁর। কুমিরের মুখ গহ্বরে তখন দাপাচ্ছে তাঁর ছাগল। আর তাকে বাগে আনতে রীতিমতো লাফঝাঁপ করছে মস্ত সে কুমিরও।
রবীন্দ্রনাথবাবুর হাঁকডাকে ছুটে আসেন আশেপাশের লোকজন। শুরু হয়ে যায় ছুটোছুটি। এমন কাণ্ড দেখে দিশেহারা হয়ে পড়েন তাঁরা। ছাগল মুখে নিয়ে ততক্ষণে তীর থেকে দূরে সরে যাচ্ছে বিশাল সেই কুমির।
https://www.facebook.com/TheWallNews/videos/550686932136515/
জি প্লটের বাসিন্দারা অভিযোগ করেন, “জয়শ্রী নদীতে কোনও বাঁধ নেই। এমনকী জালের ঘেরাটোপও নেই। তাই মাঝেমঝ্যেই কুমির চলে আসে। কতবার পঞ্চায়েতকে বলা হয়েছে, বিডিওকে বলা হয়েছে। কারও কোনও হেলদোল নেই।” তবে আজকের মতো মস্ত কুমির আগে কখনও দেখেননি বলে দাবি করেন তাঁরা।