দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : কোজাগরীতে আঁধার নামল সিতেগাছির মণ্ডল পরিবারে। লক্ষ্মীপুজোর বাজার করতে গিয়েছিলেন বাবা-মা। সেই অবকাশেই লাগোয়া পুকুরে ডুবে মৃত্যু হল দুই মেয়ের। মৃত অর্পিতার বয়স ১১ বছর। তারই ছোট বোন ৯ বছরের অঙ্কিতা।
জয়নগরে ইলেকট্রিক সাপ্লাই অফিসে ঠিকাদারের অধীনে কাজ করেন সুব্রত মণ্ডল। বাড়িতেই থাকেন তাঁর স্ত্রী রুম্পা। আজ লক্ষ্মী পুজো। তাই সকাল সকাল স্বামী-স্ত্রী বাজারে গিয়েছিলেন পুজোর সামগ্রী কিনতে। বাড়িতে ছিল দুই কন্যা। বাড়িতে ফিরে আর তাদের দেখতে পাননি বাবা-মা। তাঁদের ডাকাডাকিতে জানতে পারেন প্রতিবেশীরা। শুরু হয় খোঁজ। কিছুক্ষণ পরে পাড়ার পুকুরে ছোট বোন অঙ্কিতাকে ভাসতে দেখেন তাঁরা। এরপর পুকুরে নেমে তল্লাশি করতেই মেলে বড় বোন অর্পিতাকেও। সঙ্গে সঙ্গে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানেই চিকিৎসকরা দু বোনকে মৃত বলে ঘোষণা করেন। দুজনেই স্থানীয় সিতেগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। অর্পিতা পড়ত ক্লাস ফোরে। ক্লাস টু এর ছাত্রী ছিল অঙ্কিতা।
প্রতিবেশীরা জানান, প্রতিদিনই দু বোন পুকুরে স্নান করত। কিন্তু আজ এমন বিপর্যয় নেমে আসবে ভাবতে পারছেন না তাঁরা। তাঁদের ধারণা, ছোট বোনকে পুকুরে ডুবে যেতে দেখে তার দিদি তাকে বাঁচাতে গিয়েছিল। তখনই ঘটে বিপত্তি। একই সঙ্গে দুই সন্তানকে হারিয়ে সংজ্ঞা হারিয়েছেন বাবা মা। লক্ষ্মীপুজোর আনন্দ পরিণত হল বিষাদে। তাতে নিস্প্রভ গোটা এলাকাও।